ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'ন্যায় বিচারের স্বার্থে' সংবিধানের প্রথম সংশোধনী বাতিল ও পঞ্চদশ সংশোধনীর এ সংক্রান্ত বিধান বাতিলের দাবি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আটক জামায়াত নেতাদের প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ব্যারিস্টার রাজ্জাক পাঁচ দফা দাবি তুলে ধরে বলেন, এসব দাবি পূরণ না করে বিচার করা হলে তা সেই বিচার হবে অবিচারকে বৈধতা দেওয়ার নামান্তর।
তার অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে, ট্রাইবুনালের যে কোনো অন্তর্বর্তীকালীন আদেশের বিপক্ষে আপিল করার মতো একটি ফোরাম সৃষ্টি করা, উভয়পক্ষকে বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া, ট্রাইবুনালের সম্পূর্ণ কার্য বিবরণী রেকর্ড করা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বিচার পর্যবেক্ষণের সুযোগ দেওয়া।
ট্রাইবুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু সাংবাদিকদের বলেন, অভিযুক্তদের আইনজীবীরা মনে করেছিলো আমরা বিচার এগিয়ে নিতে পারবো না। এখন একজনের অভিযোগ আমলে নেওয়ার শুনানির দিন পড়ে গিয়েছে। তাই হা-পিত্যেশ থেকে তারা এসব দাবি ও অভিযোগ করছেন।
তিনি বলেন, এটি একটি বিশেষ আদালত। বিশেষ আইনের মাধ্যমে এখানে বিচার করা হচ্ছে। তবে সবাই এখানে সমান সুযোগ পাচ্ছে।
"তারা আইন আদালত ও সরকারের বিরুদ্ধে কথা বলছেন। তাই এ বিষয়ে আমরা কিছু বলবো না। আমরা আইন অনুযায়ী কাজ করছি।"
রাজ্জাক বলেন, ট্রাইবুনালের বিধিমালায় আনা সর্বশেষ পরিবর্তনে প্রসিকিউশনকেই বেশি সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। ডিফেন্সের স্বার্থ খর্ব করা হয়েছে।
"সংবিধানের প্রথম সংশোধনীর মাধ্যমে ১৯৭৩ সালের আইনের কোনো ধারার বৈধতা, সংবিধানের কোনো বিধান, কিংবা মৌলিক মানবাধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হওয়ার কারণে চ্যালেঞ্জ করার অধিকার বঞ্চিত করা হয়েছে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সহযোগী বাহিনীর সদস্য নন এমন ব্যক্তিও ওই আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করতে পারবেন না বলে বিধান করা হয়েছে।"
সাক্ষী ও ভিক্টিমদের নিরাপত্তা প্রসঙ্গে ব্যারিস্টার রাজ্জাক বলেন, সাক্ষী ও ভিক্টিমদের সুরক্ষা সম্পর্কিত বিধানটি স্বাগত জানানোর মতো। তবে এতে সরকারকেই নিরাপত্তা ও রক্ষণাবেক্ষনের দায়িত্ব দেওয়া হয়েছে।
"আমরা আশঙ্কা করছি, অভিযুক্ত ব্যক্তির পক্ষের সাক্ষীরা সরকারি কর্তৃপক্ষের দ্বারা নির্যাতন ও ভয়ভীতির শিকার হবে। এ প্রেক্ষিতে অভিযুক্ত ব্যক্তির ন্যায় বিচার লাভের অধিকার খর্ব হবে।"
এ সময় অন্যদের মধ্যে অ্যাডভোকেট তাজুল ইসলাম, ব্যরিস্টার মুন্সী আহসান কবির এবং তানভীর আহমেদ আল-আমীন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২১৩২ ঘ.
bdnews24