ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধ বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ আইনে বেশ কিছু সংশোধন সত্ত্বেও তা আন্তর্জাতিক মানের হয়নি বলে মনে করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
নিউইয়র্কভিত্তিক এই মানবাধিকার সংগঠনটি সোমবার বলেছে, বিচার প্রক্রিয়ায় নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে তারা দীর্ঘদিন ধরে ট্রাইব্যুনালের কার্যপ্রণালী বিধিতে সংশোধন আনার আহ্বান জানিয়ে আসছে।
যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ ও গণহত্যার সংজ্ঞা আরো পরিষ্কার করা, অভিযুক্তের অধিকার সুরক্ষা এবং ক্ষতিগ্রস্তের ও সাক্ষীর নিরাপত্তা নিশ্চিতে এখনো এই আইনে সংশোধন আনা জরুরি বলে সংগঠনটির ওয়েবসাইটে এক পোস্টে বলা হয়।
১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধীদের বিচারে গত বছর ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল গঠন করে সরকার। ওইদিনই আইনজীবী প্যানেল ও তদন্ত সংস্থার ঘোষণা দেওয়া হয়।
এরই মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীর সাতজন নেতাকে যুদ্ধাপরাধের অভিযোগে আটক করা হয়েছে।
তবে বিচার প্রক্রিয়ায় ধীরগতির কারণে সুরঞ্জিত সেনগুপ্তসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা ট্রাইবুনালের সমালোচনা করেন। এর জবাবে গত ১৯ জুন আইনমন্ত্রী শফিক আহমেদ আটকদের মধ্যে অন্তত দুইজনের বিরুদ্ধে জুলাই নাগাদ অভিযোগ গঠন করা সম্ভব হবে বলে ঘোষণা দেন।
গত ২৮ জুন ট্রাইবুনালের কার্যপ্রণালী বিধিমালায় সংশোধন আনা হয়। এ পর্যায়ে ২৩টি সংশোধনী আনা হয় বিধিমালায়।
ট্রাইবুনালের রেজিস্ট্রার এই সংশোধনীকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দাবি করলেও এই আইনে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ হয়নি বলে স্বীকার করেন তিনি।
এইচআরডব্লিউ'র এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, "এই বিচারের মাধ্যমে অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে- এমনটি আমরা চাই।"
"আইনের ধারায় যে সংশোধন আনা হয়েছে তা অবশ্যই উল্লেখযোগ্য অগ্রগতি। তবে বিচার প্রক্রিয়ায় নিরপেক্ষতা নিশ্চিত এবং আপিলে অপ্রয়োজনীয় দীর্ঘসূত্রতা এড়াতে কিছু উল্লেখযোগ্য সমস্যা এখনো রয়ে গেছে, যেগুলোর সংশোধন জরুরি।"
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত কার্যপ্রণালী বিধিমালায় মানবতাবিরোধী অপরাধের সাক্ষী ও ক্ষতিগ্রস্তের (ভিকটিম) সুরক্ষা এবং প্রয়োজনে তাদের পরিচয় গোপন রাখার বিধান করা হয়। পাশাপাশি মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের শর্ত সাপেক্ষে জামিন দেওয়ার বিধানও যোগ করা হয়।
এ ছাড়া অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রাথমিকভাবে অপরাধ প্রমাণিত না হলে মামলা খারিজে ট্রাইবুনালের এখতিয়ার বাতিল করা হয়।
আরো সুপারিশ
মানবাধিকার সংগঠন এইচআরডব্লিউ এসব সংশোধনকে গুরুত্বপূর্ণ অগ্রগতি মনে করলেও আরো বেশি কিছু বিষয়ে সংশোধন আনার সুপারিশ করেছে।
এর মধ্যে রয়েছে- ট্রাইবুনালের নিরপেক্ষতা নিয়ে অভিযুক্তের মন্তব্য করার অধিকার দেওয়া, বর্তমান আইনে এর ওপর বিধিনিষেধ রয়েছে। এ ছাড়া যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ ও গণহত্যার সংজ্ঞা আরো স্পষ্ট করা, অভিযুক্তের অধিকার সুরক্ষা এবং ক্ষতিগ্রস্ত ও সাক্ষীর নিরাপত্তা নিশ্চিতের জন্য আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে তিন নম্বর অনুচ্ছেদে সংশোধন আনা, নিজেকে নির্দোষ প্রমাণের জন্য বর্তমান তিন সপ্তাহের পরিবর্তে আরো বেশি সময় নিশ্চিত করা, বিচার চলার সময়ই আসামিকে আপিল করার সুযোগ দেওয়া।
অ্যাডামস বলেন, "এই বিচারে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের বিষয়ে বাংলাদেশ অঙ্গীকারাবদ্ধ। তবে এই অঙ্গীকার পূরণে বেশ কিছুটা পথ পাড়ি দিতে হবে।"
গত মে মাসে আর্ন্তজাতিক অপরাধ আইনে সংশোধনের সুপারিশ করে সংগঠনের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেন অ্যাডামস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/পিডি/২০৪০ ঘ.
bdnews24