২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনালের তদন্ত দল আবারো চট্টগ্রামে

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের তথ্য-উপাত্ত সংগ্রহে চট্টগ্রামে আবারও কাজ শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2011, 06:46 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

চট্টগ্রাম, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধের তথ্য-উপাত্ত সংগ্রহে চট্টগ্রামে আবারও কাজ শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। এই তদন্ত দলের ১৩ সদস্য বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকা ঘুরে স্বাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করেন বলে জানিয়েছেন তদন্ত দলের সদস্য সহকারী পুলিশ সুপার (এএসপি) নুরুল ইসলাম। তবে এখনই এ বিষয়ে বিস্তারিত প্রকাশ করতে রাজি হননি তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দলের সমন্বয়ক পুলিশের সাবেক অতিরিক্ত উপ-মহাপরিচালক আবদুল হান্নান খান এই দলের নেতৃত্ব দিচ্ছেন। নুরুল ইসলাম জানান, তথ্য-উপাত্ত সংগ্রহ শেষে ৪ জুলাই তারা চট্টগ্রাম ত্যাগ করবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীসহ অন্যদের বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের তথ্য প্রমাণ ও সাক্ষীদের বক্তব্য যাচাই-বাছাই করতে তদন্ত দল এর আগেও তিন বার চট্টগ্রামে এসেছে। মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরীর ছেলে সালাউদ্দিনের বিরুদ্ধে একাত্তরে চট্টগ্রামের রাউজানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহকে হত্যার অভিযোগ রয়েছে। এছাড়া গণহত্যায় মদদ দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে গ্রেপ্তারের জন্য গত ১৫ ডিসেম্বর ট্রাইবুনালে আবেদন করে যুদ্ধাপরাধ তদন্ত সংস্থা। এর ২৪ ঘণ্টার মধ্যে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার মামলায় এ সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়। ১৯ ডিসেম্বর যুদ্ধাপরাধের অভিযোগেও গ্রেপ্তার দেখানো হয় তাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরআরডি/জেকে/০০৪১ ঘ.