ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক ব্যক্তিদের মধ্যে দুজনের বিচার আগামী মাসে শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
রোববার অর্থমন্ত্রণালয়ে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, "তদন্ত সংস্থা ও প্রসিকিউশন দল যে অগ্রগতি দেখিয়েছেন তাতে মনে হচ্ছে আগামী মাসে বিচার কাজ শুরু করা যাবে। দুজনের বিচার শুরু করা সম্পর্কে তারা নিশ্চিত করেছেন।"
ওই দুই জনের নাম জানতে চাওয়া হলে তা প্রকাশে অপারগতা জানিয়ে বলেন, "বিচার শুরু হলেই নাম জানা যাবে।"
পর্যায়ক্রমে আটক অন্যদেরও বিচার শুরু হবে বলে জানান শফিক আহমেদ।
"আশা করছি, আগামী অগাস্টের মধ্যে এটা সম্ভব হবে।"
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারের লক্ষ্যে গত বছরের ২৫ মার্চ ৩ সদস্যের ট্রাইব্যুনাল এবং ১২ সদস্যের আইনজীবী প্যানেল ও ৭ সদস্যের তদন্ত সংস্থার নাম ঘোষণা করে সরকার।
মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সিনিয়র নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও সাবেক মন্ত্রী আব্দুল আলীমকে আটক করা হয়।
এদের মধ্যে আব্দুল আলীম জামিনে রয়েছেন।
এসব ব্যক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পাওয়া গেছে বলে তদন্ত সংস্থা দাবি করেছে।
সভাশেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, "মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের আর্থিক ও কারিগরি সহযোগিতা অব্যাহত রাখা হবে।"
অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পরিকল্পনা মন্ত্রী একে খন্দকার, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/জেকে/২০০৫ ঘ.
bdnews24