২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জমা পড়েছে সাকার তদন্ত অগ্রগতি প্রতিবেদন

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 03:58 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা পড়েছে। বৃহস্পতিবার বিকালে প্রসিকিউটর জেয়াদ আল মালুম ট্রাইব্যুনালের নিবন্ধক মো. শাহীনুর ইসলামের কাছে এ প্রতিবেদন জমা দেন। এসময় প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল ও আলতাফুর রহমান উপস্থিত ছিলেন। পরে শাহীনুর বলেন, তদন্তের অগ্রগতি প্রতিবেদন আমরা পেয়েছি। আগামী রোববার এ বিষয়ে শুনানির তারিখ নির্ধারণ করা হবে। প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩(২) ধারা অনুযায়ী সাকা চৌধুরীর বিরুদ্ধে গণহত্যাসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। এর আগে গত ১৯ এপ্রিল অগ্রগতি প্রতিবেদন জমা দিতে ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছিলো। জেয়াদ আল মালুম জানান, সাকা চৌধুরীর অপরাধের এলাকা বৃহত্তর চট্টগ্রাম। তদন্ত কর্মকর্তা চট্টগ্রামের বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিস থেকে তার অপরাধের বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন। দেশ বিদেশে তার বিরুদ্ধে আরো অনেক স্বাক্ষ্য-প্রমাণ রয়েছে। এগুলো সংগ্রহ করতে আরো সময় প্রয়োজন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ বিচারের জন্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গতবছরের ২৫ মার্চ তদন্ত সংস্থা, আইনজীবী প্যানেল ও ট্রাইব্যুনাল গঠনের ঘোষণা দিলে বহু প্রতীক্ষিত এই বিচারের প্রক্রিয়া শুরু হয়। এরপর বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজমীসহ দলটির চার শীর্ষ নেতা এবং বিএনপির সাকা চৌধুরী ও সাবেক মন্ত্রী আব্দুল আলীমকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে আলীম ছাড়া বাকিরা কারাগারে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/পিডি/২১৫১ ঘ.