ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপরাধ ট্রাইবুনালের তদন্ত সংস্থার ভারপ্রাপ্ত সমন্বয়ক এম সানাউল হক বলেছেন, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক কাদের মোল্লা মুক্তিযুদ্ধকালে সরাসরি গণহত্যায় জড়িত ছিলেন।
বুধবার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে ধানমণ্ডিতে সেফহোমে জিজ্ঞাসাবাদের পর একথা জানান সমন্বয়ক সানাউল হক।
১৯৭১-এ কাদের মোল্লার কার্যকলাপ ও তার বিরুদ্ধে আসা অভিযোগ সম্পর্কে সেফ হোমে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জানিয়ে সানাউল বলেন, "জিজ্ঞাসাবাদের সময় কাদের মোল্লা আমাদের প্রশ্নের জবাব দিয়েছে এবং আমাদের জিজ্ঞাসাবাদের উদ্দেশ্য সফল হয়েছে। আজকের জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে জামায়াতে ইসলামীর চার শীর্ষ নেতার জিজ্ঞাসাবাদ শেষ হলো।
"এটা আমাদের তদন্তের অগ্রগতিতে কাজে লাগবে। তাদের দেওয়া উত্তর যাচাই করে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হবে।"
স্বাস্থ্যগত কারণে বর্তমানে বিশেষ বিবেচনায় জামিনে থাকা আব্দুল আলীমকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি চাওয়া হতে পারে বলেও জানান তিনি।
জিজ্ঞাসাবাদ শেষে তার আইনজীবী অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান সাংবাদিকদের বলেন, কাদের মোল্লার ওপর নির্যাতন করা হয়েছে। অবশ্য কোথায়, কীভাবে নির্যাতন করা হয়েছে- এর সন্তোষজনক জবাব দিতে পারেননি তিনি।
এ বিষয়ে জানতে চাওয়া হলে সানাউল হক বলেন, "জিজ্ঞাসাবাদের সময় কাদের মোল্লার ওপর নির্যাতনের অভিযোগ সত্য নয়। তার আইনজীবীরা এ ধরনের অভিযোগ আমাদের কাছে করেননি।"
বুধবার সকাল ৯টার দিকে জেল কর্তৃপক্ষ কাদের মোল্লাকে সেফ হোমে নিয়ে যায়। পৌনে ১০টার দিকে স্বাস্থ্য পরীক্ষার পর ১০টা থেকে শুরু হয় জিজ্ঞাসাবাদ। মাঝে একঘণ্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলে।
এ সময় পাশের কক্ষে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আসা একজন চিকিৎসক এবং কাদের মোল্লার আইনজীবী ফরিদ উদ্দিন খান উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যার অভিযোগে রাজধানীর পল্লবী থানায় দায়ের করা একটি মামলায় গত বছরের ১৩ জুলাই কাদের মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এএল/পিডি/২১৫০ ঘ.
bdnews24