২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'যুদ্ধাপরাধ বিচার হলে আইনশৃঙ্খলায় স্থায়ী পরিবর্তন আসবে'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধের বিচার হলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে স্থায়ী ও গুণগত পরিবর্তন আসবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2011, 12:52 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধের বিচার হলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে স্থায়ী ও গুণগত পরিবর্তন আসবে। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করতে চায় সরকার। এ বিচার সম্পন্ন হলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে স্থায়ী ও গুণগত পরিবর্তন আসবে। বিকাল ৫টা ২২ মিনিটে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচির শুরুতে নির্ধারিত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উপস্থাপন করেন স্পিকার। নওগাঁ-২ আসনের সাংসদ মো. শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, সন্ত্রাসী ও সন্ত্রাসবাদ দমন ও নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ এবং সরকারের দৃঢ় অবস্থানের বিষয়টি বিশ্ববাসীর কাছে ব্যাপক প্রশংসিত হচ্ছে। "এদেশে তো নয়ই, এদেশের মাটি ব্যবহার করে অন্য কোনো দেশেও সন্ত্রাসী কার্যক্রম চালানোর তৎপরতাকে বিন্দুমাত্র সহ্য করা হবে না।" শেখ হাসিনা বলেন, "এ দেশে আইনের শাসন প্রতিষ্ঠার অন্যতম নজির হিসেবে বর্তমান সরকার '৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করতে চায়। বিচার প্রক্রিয়া যথারীতি সম্পন্ন করার লক্ষ্যে সরকার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এ বিচার সম্পন্ন হলে বাংলাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে স্থায়ী ও গুণগত পরিবর্তন সাধিত হবে।" রমজানে নিত্য প্রয়োজনীয় মূল্য সহনীয় রাখতে পদক্ষেপ ঢাকা-২০ আসনের সাংসদ বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, নিত্য ব্যবহার্য সামগ্রী সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে সরকার ইতোমধ্যে নানা পদক্ষেপ নিয়েছে। তিনি গৃহীত ১১টি পদক্ষেপ ও পাঁচটি পরিকল্পনা তুলে ধরেন। প্রধানমন্ত্রী জানান, পবিত্র সমজান উপলক্ষ্যে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য সহজলভ্য করতে টিসিবি'র মাধ্যমে চিনি, ভোজ্য তেল, ছোলা এবং খেজুর আমদানির ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের কাছে পর্যাপ্ত চিনি মজুদ রয়েছে এবং কর্পোরেশনের মাধ্যমে আরো চিনি সংগ্রহ করা হচ্ছে। শেখ হাসিনা জানান, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য চিনি আমদানির ওপর থেকে স্পেসিফিক ডিউটি তুলে নেওয়া হয়েছে এবং ভোজ্য তেলের ওপর ভ্যাট কমিয়ে ১৫ শতাংশ থেকে ১০ শতাংশ করা হয়েছে। চাল, গম, সব প্রকার ডাল, খেজুর এবং পেঁয়াজ আমদানি শুল্কমুক্ত রাখা হয়েছে। টিসিবিকে আর্থিকভাবে স্বচ্ছল করার লক্ষ্যে একটি স্থায়ী তহবিল গঠনের জন্য আগামী বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখার প্রস্তাব বিবেচনাধীন রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। আগস্টে ভোটার তালিকা দেশজুড়ে হালনাগাদ সংরক্ষিত নারী আসনের সাংসদ মমতাজ বেগমের লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষে এ বছরের আগস্টে দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে। "এ হালনাগাদ কার্যক্রমে ২০১৪ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর হবে তাদের তথ্য সংগ্রহ করা হবে। ফলে ২০১২ সাল থেকে ১৮ বছর বয়সের সব নাগরিক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে।" শেখ হাসিনা জানান, ২০১০ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর উত্তীর্ণ হয়েছে তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। বর্তমান তালিকায় মোট ভোটার আট কোটি ৫৭ লাখ ৪৭ হাজার তিনশ ৬৩ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৮৪৫ ঘ.