২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের ২ নেতাকে সেফহোমে জিজ্ঞাসাবাদ এ সপ্তাহে

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াত নেতা এম কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লাকে সেফহোমে জিজ্ঞাসাবাদের দিন নির্ধারণ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2011, 01:43 PM

Updated : 24 Aug 2022, 03:17 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াত নেতা এম কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লাকে সেফহোমে জিজ্ঞাসাবাদের দিন নির্ধারণ হয়েছে। জামায়াতে ইসলামীর এই দুই সহকারি সেক্রেটারি জেনারেলকে যথাক্রমে ১৪ ও ১৫ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত সংস্থা ধানমন্ডির সেফহোমে জিজ্ঞাসাবাদ করবে বলে রোববার জানিয়েছেন তদন্ত কর্মকর্তা মো. আ. রাজ্জাক। তিনি বলেন, "জামায়াত নেতা কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লাকে জিজ্ঞাসাবাদের তারিখ জানিয়ে তাদের আইনজীবীকে আজ [রোববার] চিঠি দেওয়া হয়েছে। ট্রাইবুনালের নির্দেশ অনুযায়ী সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মাঝে একঘণ্টা বিরতি দিয়ে তাদের জিজ্ঞাসাবাদ চলবে বলে জানান তিনি। ট্রাইবুনালের দেওয়া চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন এই দুই জামায়াত নেতার আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। পুরাতন হাইকোর্ট ভবনে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার আবেদনে গত ১ জুন এই দুইজনকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। ওই দিন জিজ্ঞাসাবাদের আবেদনে প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান বলেন, নিজামী, মুজাহিদ, কাদের মোল্লা ও কামারুজ্জামানের অপরাধ তদন্তে অগ্রগতি হয়েছে। এর আগে নিজামী ও মুজাহিদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করতে কাদের মোল্লা ও কামারুজ্জামানকেও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। "তাদের বিরুদ্ধে আরো সাক্ষ্য প্রমাণ আসছে। ১৯৭১ সালে তাদের হুকুমে ও বিভিন্ন কার্যক্রমে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যাচ্ছে।" মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যার অভিযোগে পল্লবী থানায় দায়ের করা একটি মামলায় গত বছরের ১৩ জুলাই কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লাকে গ্রেপ্তার করা হয়। মুক্তিযুদ্ধের সময় মিরপুরের আলোকদী গ্রামে ওই গণহত্যার ঘটনায় ২০০৮ সালের জানুয়ারিতে পল্লবী থানায় মামলাটি দায়ের করা হয়। যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের জন্য ট্রাইবুনালকে ধানমন্ডিতে বরাদ্দ দেওয়া একটি বাড়ি ব্যবহার করছে তদন্ত সংস্থা, একে সেফ হোম বলা হচ্ছে। ইতিমধ্যে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে সেফ হোমে এক দিন করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকেও। গত বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল গঠনের পর থেকে জামায়াতের এ পাঁচ নেতার পাশাপাশি বিএনপির দুই নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আটক থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৯৩৭ ঘ.