২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'সাঈদীর বিরুদ্ধে অচিরেই যুদ্ধাপরাধের অভিযোগ দাখিল হবে'

গ্রেপ্তার জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শিগগিরই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2011, 12:32 PM

Updated : 24 Aug 2022, 03:17 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রেপ্তার জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শিগগিরই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। রোববার জাতীয় সংসদে একথা জানান তিনি। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী গত ৩১ মে জানিয়েছিলেন, তারা সাঈদীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করবেন আগামী ১১ জুলাই। বিকাল পাঁচটা বিশ মিনিটের পর স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচির শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয় এবং সম্পূরক বাজেটের উপর আলোচনা শুরু হয়। মহিলা আসনের (৮) সাংসদ তারানা হালিমের টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে শফিক আহমেদ বলেন, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল যুদ্ধাপরাধের অভিযোগে আটক বিভিন্ন আসামির বিরুদ্ধে তদন্ত করছেন। আসামী সাঈদীর বিরুদ্ধে ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। "তিনি (চিফ প্রসিকিউটর) শিগগিরই আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করবেন। এছাড়াও অন্যান্যদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।" একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাঈদীকে গত বছর গ্রেপ্তার করা হয়। এরপর সাঈদীর এলাকা পিরোজপুরে তদন্ত চালিয়ে যুদ্ধাপরাধে তার জড়িত থাকার প্রমাণ সংগ্রহ করেন তদন্ত কর্মকর্তারা। সাঈদীর বিরুদ্ধে একাত্তরে হত্যা-ধর্ষণ-লুণ্ঠনের অভিযোগের প্রমাণ সম্বলিত ৪ হাজার ৭৪ পৃষ্ঠার প্রতিবেদন তৈরি করা হয়েছে। একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে গত বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর থেকে এ পর্যন্ত জামায়াতের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপিরও দুই নেতা একই অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের কারাগারে থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন। আইনমন্ত্রী সংসদকে জানান, ১৯৭১ সালের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আটক আব্দুল আলীমকে অসুস্থতাজনিত কারণে জামিন দিয়ে ট্রাইব্যুনাল নিরপেক্ষতা ও স্বচ্ছতার পরিচয় দিয়েছে। কুড়িগ্রাম- ৩ আসনের সাংসদ এ কে এম মাইদুল ইসলামের অপর এক প্রশ্নের জবাবে শফিক আহমেদ জানান, বাংলাদেশের শাসনতন্ত্র (সংবিধান) পর্যায়ক্রমে ছাপানো হচ্ছে। প্রথম পর্যায়ে ৫০০ কপি ছাপানো হয়। এর মধ্যে ৫০ কপি সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির ব্যবহারের জন্য সরবরাহ করা হয়েছে। আরো ৫০ কপি এই বিশেষ কমিটিতে আমন্ত্রিত বিশিষ্টজনদের ব্যবহারের জন্য সরবরাহ করা হয়। সাংসদ ও জাতীয় সংসদ সচিবালয়ের দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য গত ১৮ মে আরো ৩৭০ কপি পাঠানো হয়। রাজশাহী-৬ আসনের সাংসদ মো. শাহরিয়ার আলম ও চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ জাফরুল ইসলাম চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বর্তমানে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা ১১ জন। হ্ইাকোর্ট বিভাগে বিচারপতির সংখ্যা ৮৮ জন। দেশের জেলা ও দায়রা জজ আদালতে বিচারকের সংখ্যা ১২শ' বলে জানান শফিক আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/১৮০৮ ঘ.