২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাদের-কামারুজ্জামানকেও নেওয়া হবে সেফ হোমে

একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর তিন নেতার পর এবার আব্দুল কাদের মোল্লা ও এম কামারুজ্জামানকেও সেফ হোমে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে তদন্ত সংস্থা। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2011, 04:40 AM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর তিন নেতার পর এবার আব্দুল কাদের মোল্লা ও এম কামারুজ্জামানকেও সেফ হোমে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে তদন্ত সংস্থা। তদন্ত সংস্থার আবেদনে বুধবার ট্রাইব্যুনাল এ নির্দেশ দেয়। এ দুজনকে একদিন করে জিজ্ঞাসাবাদ করতে পারবেন তদন্ত কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদের সময় তাদের আইনজীবী ও চিকিৎসককে রাখতে হবে পাশের কক্ষে। জিজ্ঞাসাবাদের আবেদনে প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান বলেন, "নিজামী, মুজাহিদ, কাদের মোল্লা ও কামারুজ্জামানের অপরাধ তদন্তে অগ্রগতি হয়েছে। এর আগে নিজামী ও মুজাহিদকে তদন্ত কর্মকর্তার অধীনে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করতে কাদের মোল্লা ও কামারুজ্জামানকেও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।" "তাদের বিরুদ্ধে আরো সাক্ষ্য প্রমাণ আসছে। ১৯৭১ সালে তাদের হুকুমে ও বিভিন্ন কার্যক্রমে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যাচ্ছে।" সে সময় তারা ছাত্রসংঘের নেতা ছিলেন বলেও উল্লেখ করেন সৈয়দ রেজাউর। কাদের মোল্লা ও কামারুজ্জামানকে জিজ্ঞাসাবাদের আবেদনে বিরোধিতা করেন তাদের আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, "সেফ হোমকে প্রসিকিউটররা আন্তর্জাতিক মানের বলছেন। অথচ এটা কোনো মানেরই নয়। জিজ্ঞাসাবাদের জন্য তারা একটা বাড়ির ব্যবস্থা করতে পারলেন। কিন্তু দুটি রুমের মাঝে কাঁচের দেয়াল দিয়ে জিজ্ঞাসাবাদ সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়ন করতে পারছেন না।" এ সময় আদালত বলে, "সুপ্রিম কোর্টের ওই রায়টি আমরাই প্রথম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি। এ ব্যাপারে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতে আরো দেওয়া হতে পারে।" যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের জন্য ট্রাইব্যুনালকে ধানমণ্ডিতে বরাদ্দ দেওয়া একটি বাড়ি ব্যবহার করছে তদন্ত সংস্থা, একে সেফ হোম বলা হচ্ছে। চূড়ান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ কারাগার থেকে বুধবার সকালে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান ও কাদের মোল্লা ছাড়াও দলটির আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদকে পুরনো হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে হাজির করা হয়। চার জনের বিষয়ে তদন্ত প্রতিবেদন আগামী ১২ জুলাইয়ের মধ্যে দাখিল করতে তদন্তসংস্থাকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এর মধ্যে প্রতিবেদন চূড়ান্ত না হলে অগ্রগতির প্রতিবেদন জমা দিতে হবে। বুধবার নিজামী ও মুজাহিদের পক্ষে জামিন চাওয়া হলে সে আবেদন নাকচ হয়। আদালত তাদের চিকিৎসার ব্যবস্থা করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। আদালতে মুজাহিদের জামিনের আবেদন উপস্থাপন করেন তার আইনজীবী মুন্সী আহসান কবির। জামিন আবেদনের শুনানিতে অংশ নিয়ে এক পর্যায়ে তিনি বলেন, "মুজাহিদ সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছেন। তার বাবা পাকিস্তান আমলে এমপি ছিলেন। স্বাধীনতার পর তিনি একাত্তরে পাকিস্তানীদের সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। কিন্তু তিনি আমাদের নেতা বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তি পেয়েছিলেন।" নিজামী ও মুজাহিদকে ইতোমধ্যে সেফ হোমে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত সংস্থা। জিজ্ঞাসাবাদ করা হয় দলের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকেও। দেরি করায় তিরস্কার জামায়াতের এই চার নেতার বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করেন প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান। প্রতিবেদন দাখিলের পর আদালত বলে, তদন্ত প্রতিবেদনের গ, ঘ, ঙ, চ ও ছ ধারায় ঘুরে ফিরে বলা হয়েছে, সাক্ষ্য প্রমাণ সংগ্রহ প্রক্রিয়াধীন রয়েছে বা চেষ্টা অব্যাহত রয়েছে-এই জাতীয় কথা। "আমরা আপনাদের এই কাজের জন্য অনির্দিষ্টকাল সময় দিতে পারি না।" এ সময় রেজাউর বলেন, "ন্যায় বিচারের স্বার্থে আমরাও দেরি করতে চাই না।" তিনি বলেন, "একজন সাক্ষীর ঠিকানা সংগ্রহ করে তার বাড়িতে গেলে দেখা যায়, তিনি বাড়িতে নেই। শ্বশুর বাড়ি চলে গেছেন। ঠিকানা সংগ্রহ করে সেখানে যাওয়ার পর দেখা গেলো তিনি ঢাকা চলে এসেছেন। এই বাস্তবতায় আমাদেরকে চলতে হচ্ছে।" আদালত বলে, "সব বাস্তবতা মেনেই আমরা আপনাদেরকে অনির্দিষ্টকাল সময় দিতে পারি না।" এ সময় আদালত চার জামায়াত নেতার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক খানকে ডেকে কথা বলেন। সাঈদীকে মঙ্গলবার ট্রাইব্যুনালে নেওয়া হয়। তার বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রস্তুতি চালাতে ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছে। গত বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর থেকে জামায়াতের এ পাঁচ নেতার পাশাপাশি বিএনপির দুই নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আটক থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৬২৯ ঘ.