২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কামারুজ্জামানকে সেফ হোমে জিজ্ঞাসাবাদের আবেদন

যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর পাঁচ নেতার মধ্যে তিন জনের পর এবার মুহাম্মদ কামারুজ্জামানকেও সেফ হোমে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 08:01 AM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর পাঁচ নেতার মধ্যে তিন জনের পর এবার মুহাম্মদ কামারুজ্জামানকেও সেফ হোমে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সোমবার তদন্ত সংস্থার আবেদন প্রসিকিউটর জেয়াদ আল মালুম ট্রাইব্যুনালের নিবন্ধক মো. শাহিনুর ইসলামের কাছে জমা দেন। অ্যাডভোকেট জেয়াদ সাংবাদিকদের জানান, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানকে সেফ হোমে নিয়ে তিন দিন জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়েছে। আগামী বুধবার ট্রাইব্যুনালে সে আবেদনের শুনানি হবে। এদিকে দেলাওয়ার হোসাইন সাঈদীর জামিন চেয়ে করা একটি আবেদনের শুনানি হবে মঙ্গলবার। মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যার অভিযোগে পল্লবী থানায় দায়ের করা একটি মামলায় গত বছরের ১৩ জুলাই কামারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে গ্রেপ্তার হন দলের আরেক নেতা আব্দুল কাদের মোল্লাও। মুক্তিযুদ্ধের সময় মিরপুরের আলোকদী গ্রামে ওই গণহত্যার ঘটনায় ২০০৮ সালের জানুয়ারিতে পল্লবী থানায় মামলাটি দায়ের করা হয়। গত বছরের অক্টোবর মাসে ট্রাইব্যুনালের তদন্ত দল কামারুজ্জামানের এলাকা শেরপুরে যুদ্ধাপরাধ সংঘটনের স্থান পরিদর্শন করে। তদন্ত কর্মকর্তারা কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর বিধবা পল্লী, ৫৯টি গণকবর পরিদর্শন করেন এবং শহীদ পরিবারের সদস্য, বিধবা, নির্যাতিত ও প্রত্যক্ষদর্শী ৪০ জনের সাক্ষ্য নেন। শেরপুর পরিদর্শনকারী ওই দলের সদস্য প্রসিকিউটর মোকলেসুর রহমান বাদল সাংবাদিকদের বলেছিলেন, কামারুজ্জামান এবং স্থানীয় পাক বাহিনীর দালাল আব্দুল কাদের ও তাদের সহযোগীদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। ওই সময় সোহাগপুর বিধবা শহীদ পরিবার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন তদন্ত সংস্থাকে জানিয়েছিলেন, ১৯৭১ সালের ২৫ জুলাই পাকবাহিনী এবং তাদের এ দেশীয় দোসর রাজাকার, আলবদর, আল শামস বাহিনীর সদস্যরা নালিতাবাড়ীর সোহাগপুর গ্রামের ১৮৭ জনকে গুলি করে হত্যা করে। একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে গত বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর থেকে এ পর্যন্ত জামায়াতের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে সেফ হোমে এক দিন করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকেও। ট্রাইব্যুনালকে বরাদ্দ দেওয়া ধানমণ্ডির একটি বাড়ি জিজ্ঞাসাবাদের জন্য ব্যবহার করছে তদন্ত দল, একেই সেফ হোম বলা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৪০০ ঘ.