ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে একাত্তরে হত্যা-ধর্ষণ-লুণ্ঠনসহ গণহত্যার অভিযোগের প্রমাণ সম্বলিত ৪ হাজার ৭৪ পৃষ্ঠার প্রতিবেদন তৈরি করেছে যুদ্ধাপরাধ তদন্ত সংস্থা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিলের জন্য মঙ্গলবার তা প্রসিকিউশন টিমের কাছে দেওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা এম সানাউল হক।
তিনি সোমবার বেইলি রোডে তদন্ত সংস্থার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "সাঈদীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধ্বংসযজ্ঞ ইত্যাদি গণহত্যা সংগঠনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে ১৫ খণ্ডের তদন্ত প্রতিবেদন তৈরি করা হলো।"
"তদন্তে আমরা সন্তুষ্ট। চূড়ান্ত এ প্রতিবেদনটি দেখে আমার মনে হয়েছে, এটি আন্তর্জাতিক মানের হয়েছে। অন্যান্য মামলাগুলোর তদন্তেও অগ্রগতি আছে ", বলেন সানাউল।
প্রতিবেদন চূড়ান্ত হওয়ার পরও যদি নতুন কোনো তথ্য পাওয়া যায় তাও যুক্ত করা হবে বলে জানান তিনি। ট্রাইব্যুনাল ও প্রসিকিউশন বিভাগ চাইলে অধিকতর তদন্তও হতে পারে।
সানাউল বলেন, সাঈদীর অপরাধের অধিকাংশই পিরোজপুরে হয়েছে। অপরাধ সংগঠনের এলাকা অন্যান্য যুদ্ধাপরাধীদের চেয়ে ছোট হওয়ায় তদন্ত কাজ দ্রুত শেষ করা সম্ভব হয়েছে।
তদন্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন বলেন, "ঘটনাটি ৪০ বছরের পুরনো। এই সময়ে অনেক সাক্ষী মারা গেছে। অনেকে আবার বিদেশে চলে গেছে। অনেক আলামত অবহেলায় নষ্ট হয়ে গেছে। আবার অনেক আলামত ইচ্ছাকৃভাবে নষ্ট করে দেওয়া হয়েছে। এ সব কারণে বেশ বিড়ম্বনায় পড়তে হয়েছে। "
১৫ খণ্ডের ওই প্রতিবেদনে ৪ হাজার ৭৪টি পৃষ্ঠা রয়েছে বলে তদন্ত কর্মকর্তারা জানান।
একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাঈদীকে গত বছর গ্রেপ্তার করা হয়।
এরপর সাঈদীর এলাকা পিরোজপুরে তদন্ত চালিয়ে যুদ্ধাপরাধে তার জড়িত থাকার প্রমাণ সংগ্রহ করেন তদন্ত কর্মকর্তারা। তারপর গত ১২ মে সেফ হোমে তাকে দিনভর জিজ্ঞাসাবাদ করা হয়।
এর আগে দেওয়া তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, সাঈদীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সময় গণহত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে জিয়ানগর ও সদর উপজেলায় দুটি মামলা হয়।
এর মধ্যে সদর উপজেলার বাদুরা গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা সইজউদ্দীন পশারীর ছেলে মানিক পশারী গত ২০০৯ সালের ১২ অগাস্ট মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে সাঈদীসহ পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা করেন।
একই বছরের ৩১ অগাস্ট জিয়ানগর উপজেলার টেংরাখালী গ্রামের জমিরউদ্দিনের ছেলে মুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম একই অভিযোগে সাঈদী ও তার ভাই মোস্তফা সাঈদীসহ চার জনের বিরুদ্ধে মামলা করেন।
গত ২২ সেপ্টেম্বর পিরোজপুরে দ্বিতীয় দফা তদন্তের পর তদন্ত কর্মকর্তা হেলাল সাংবাদিকদের বলেন, জিয়ানগর, স্বরূপকাঠী (নেছারাবাদ) ও সদর উপজেলায় ১৭টি বধ্যভূমি ও গণকবরের সন্ধান পাওয়া গেছে। এ সব বধ্যভূমিতে প্রায় ৫ হাজার মানুষকে কবর দেওয়া হয়। এ সব অপরাধে সাঈদীর সংযোগ খুঁজে পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৫২২ ঘ.
bdnews24