ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত করার দাবিতে এক লাখ পোস্টকার্ডে স্বাক্ষর সংগ্রহের পরিকল্পনা নিয়ে নামছে সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ। এসব পোস্টকার্ড পরে প্রধানমন্ত্রীকে পাঠানো হবে।
শনিবার মুক্তিযুদ্ধ যাদুঘরে সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ পরিকল্পনার কথা জানায় মঞ্চ।
সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ গত এক বছর ধরে ২১টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সমমনা ছাত্র-যুব সংগঠনের ঐকমত্যের ভিত্তিতে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংগঠনের আহ্বায়ক অজয় রায় বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে পর্যায়ক্রমে সারাদেশ থেকে এক লাখ পোস্টকার্ডে সাক্ষর সংগ্রহ শেষে তা প্রধানমন্ত্রী বরাবর পাঠানো হবে।"
৫০ হাজার পোস্টকার্ড ছাপানোর কাজ ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানান তিনি।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা সংবিধান থেকে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার দাবি জানান। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার পক্ষেও মত প্রকাশ করেন তারা।
এ দাবি আদায়ে রাজপথে আন্দোলনে নামার কথাও বলেন সেক্টর কমান্ডারস ফোরামের সদস্য সচিব হারুণ-উর রশীদ বীরপ্রতীক।
একদিন আগেই সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন, রাজপথে আন্দোলন গড়ে তোলা গেলে সংবিধান থেকে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম বাদ দেওয়া সম্ভব হতে পারে।
সভায় রাষ্ট্রধর্মের বিরোধিতা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক রঙ্গলাল সেন বলেন, "মানুষের আত্মপরিচয় শুধু ধর্মীয় পরিচয়ে নয়। এ ধরনের সিদ্ধান্ত সাম্প্রদায়িকতাকে উস্কে দেয়। এমনকি মওলানা ভাসানীও তার রাজনৈতিক বক্তব্য বিসমিল্লাহ দিয়ে শুরু করতেন না।"
বক্তারা ধর্মনিরপেক্ষ শিক্ষানীতি প্রণয়ন এবং নৈতিক শিক্ষার ওপর জোর দিয়ে কুদরত-ই-খুদা শিক্ষা কমিশনের সুপারিশ অনুসারে ভিন্ন ধর্মের শিশুদের ধর্মশিক্ষার জন্য আলাদা আলাদা পাঠ্যবইয়ের বদলে সব ধর্মের মূলভাব নিয়ে সমন্বিত বই করার সুপারিশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/১৬৪০ ঘ.
bdnews24