ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের মামলায় মতিউর রহমান নিজামীকে জিজ্ঞাসাবাদে 'হুমকি ও ভয়ভীতি' দেখানোর অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে করা আদালত অবমাননার আবেদন খারিজ হয়েছে।
তবে মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ আবেদনটি খারিজ করে দেয়।
গত ১৫ মে জামায়াতে ইসলামীর আমির নিজামীর আইনজীবী মো. তাজুল ইসলাম ট্রাইব্যুনালের তদন্তকর্মকর্তা সানাউল হকের বিরুদ্ধে ওই অভিযোগ করেন।
আবেদনে গত ৫ মে জিজ্ঞাসাবাদের সব তথ্য বিচার প্রক্রিয়া থেকে বাদ দেওয়ারও আবেদন করা হয়। আদালত এ আবেদনটিও খারিজ করেছে।
অবশ্য আদালত বিচার ও ট্রাইব্যুনাল সম্পর্কে যে কোনো ধরনের মন্তব্য করা থেকে উভয়পক্ষকে (প্রসিকিউশন টিম ও অভিযুক্তের আইনজীবী) বিরত থাকতে নির্দেশ দিয়েছে।
আদালত বলেছে, আমরা প্রায়ই দেখি অভিযুক্তদের আইনজীবী এবং প্রসিকিউশন টিমের সদস্যরা গণমাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। এটা অনেকটা রীতি (ট্র্যাডিশন) হয়ে গেছে, যা উচিত নয়। তারা কেবল ট্রাইব্যুনালের আদেশ বলতে পারেন।
"তদন্তকারী কর্মকর্তারা কেবল বলতে পারেন- তদন্ত চলছে।"
নিজামীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী।
শুনানিতে তাজুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে সব তথ্য আইন অনুযায়ী গোপনীয়। এ সব তথ্য প্রকাশ করে এম সানাউল হক নিজামীকে বিচার বঞ্চিত (প্রি-জুডিস) করা হয়েছে।
জবাবে সৈয়দ হায়দার আলী বলেন, ওই দিনে সানাউল হকের মন্তব্য সম্পর্কে অভিযুক্তের আইনজীবীর সব বক্তব্যকে সত্য ধরলেও তা প্রি-জুডিস হয় না। কেননা সেখানে এমন কিছু নাই, যাতে মনে হতে পারে প্রি-জুডিস করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/এমআই/১৫৩০ ঘ.
bdnews24