২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধের বিচার ঝালকাঠি থেকে কঙ্কাল নিয়ে গেলো তদন্ত দল

ঝালকাঠির রাজাপুর উপজেলায় একটি গণকবর থেকে পাওয়া কঙ্কাল মামলার আলামত হিসাবে ঢাকায় নিয়ে গেলো আর্ন্তজাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2011, 04:12 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

বরিশাল, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠির রাজাপুর উপজেলায় একটি গণকবর থেকে পাওয়া কঙ্কাল মামলার আলামত হিসাবে ঢাকায় নিয়ে গেলো আর্ন্তজাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। তদন্ত দলের সদস্য এএসপি মো. হেলাল উদ্দিন ও পরিদর্শক আতাউর রহমান রোববার ঝালকাঠির বিভিন্নস্থানে একাত্তরের বধ্যভূমি ঘুরে দেখেন এবং স্বাধীনতা যুদ্ধের সময় নির্যাতিতদের সাক্ষ্য নেন। ছেলে মুক্তিযুদ্ধে যাওয়ায় একাত্তরে শেখেরহাট ইউনিয়নের গড়ংগল গ্রামের এক ব্যক্তিকে তুলে নিয়ে হত্যার ঘটনা তদন্তে ট্রাইব্যুনালের ওই দুই কর্মকর্তা শনিবার রাতে ঝালকাঠি আসেন। ওই ঘটনায় ২০০৯ সালের ২৯ ডিসেম্বর ঝালকাঠির একটি আদালতে যুদ্ধপরাধের মামলা করেন মুিক্তযোদ্ধা বেলায়েত হোসেন। বাদী অভিযোগ করেন, ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর তার বাবা শহীদ আজাহার আলীকে (৬৯) পিরোজপুরে ধরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে পাকিস্তানি বাহিনীর এ দেশীয় দোসররা। স্থানীয় বাসিন্দা হোসেন আলী মাতুব্বরসহ অজ্ঞাতপরিচয় ২০/২১ জনকে আসামি করা হয় এ মামলায়। ট্রাইব্যুনালের তদন্ত দল রোববার সকাল ১১টায় বেলায়েত হোসেনকে সঙ্গে নিয়ে তদন্ত করতে বের হয়। এএসপি হেলালউদ্দিন পরে সাংবাদিকদের জানান, ইতোমধ্যে কয়েকজন সাক্ষীর বক্তব্য শুনছেন তারা। এর আগে ঝালকাঠির গাবখান বাজার সংলগ্ন বধ্যভূমি পরিদর্শন করে দুই ব্যক্তির সাক্ষ্য নেয় তদন্ত দল। সেখান থেকে দুপুরে তারা যান রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কাঠিপাড়া গ্রামে। সেখানে ১৮ শহীদ পরিবারের সদস্যদের বক্তব্য শোনেন। পরে ২০১০ সালের ৯ এপ্রিল ঠাকুর বাড়ি গণকবর থেকে পাওয়া কঙ্কাল সংগ্রহ করেন তদন্ত দলের সদস্যরা। এএসপি হেলালউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই কঙ্কাল মামলার তদন্তের স্বার্থে নেওয়া হয়েছে। এগুলো সংরক্ষণ করা হবে।" বর্তমান সরকার গত বছর ২৫ মার্চ তদন্ত সংস্থা, আইনজীবী প্যানেল ও ট্রাইব্যুনাল গঠনের ঘোষণা দিলে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ বিচারের প্রক্রিয়া শুরু হয়। জামায়াতে ইসলামীর দুই শীর্ষনেতাসহ পাঁচজনকে এ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ঝালকাঠিতে তদন্ত শেষে করেন ট্রাইব্যুনালের দুই তদন্ত কর্মকর্তা রোববার রাতে ঢাকার উদ্দেশে বরিশাল ত্যাগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২২০৫ ঘ.