২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আদিত্যপুর ও বুরুঙ্গা গণকবর পরিদর্শন

সিলেট বিভাগে মুক্তিযুদ্ধে সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের তদন্ত কাজ অব্যাহত রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2011, 04:03 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

সিলেট, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সিলেট বিভাগে মুক্তিযুদ্ধে সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের তদন্ত কাজ অব্যাহত রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। তৃতীয় দিনের মত রোববার দুপুর পর্যন্ত চার সদস্যের তদন্ত দল সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার আদিত্যপুর ও বুরুঙ্গা গণকবর পরিদর্শন করে তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। একাত্তরের ১৪ জুন আদিত্যপুর ও ২৬ মে বুরুঙ্গায় গণহত্যা থেকে বেঁচে যাওয়া কয়েকজনের সাক্ষ্যগ্রহণ করা হয় এসময়। তবে তদন্তের স্বার্থে এ ব্যাপারে কিছু বলতে অপাগরতা প্রকাশ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দলের সমন্বয়ক আবদুল হান্নান খান। তদন্ত দলের অপর সদস্যরা হলেন আবদুর রাজ্জাক খান, মনোয়ার হোসেন ও আবদুল আউয়াল। রোববার বিকেলে তদন্ত দল শ্রীরামশ্রী গণকবর পরিদর্শণের জন্য সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় যান। তদন্ত দলের সদস্য আবদুর রাজ্জাক খান বলেন, তারা তাদের প্রত্যাশার চেয়ে বেশি তথ্য-উপাত্ত পেয়েছেন। তবে এর বেশি কিছু তিনি বলতে রাজি হননি। সকাল ১১টায় তদন্ত দলের সদস্যরা বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আদিত্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গণকবর পরিদর্শন করেন। তারা একাত্তরের ১৪ জুন পাক হানাদারদের গণহত্যা থেকে বেঁচে যাওয়া কংকন সেন, মুক্তিযোদ্ধা হিরেন্দ্র কুমার দাসসহ স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলেন। পরবর্তীতে তদন্ত দলের সদস্যরা বুরুঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন অপর গণকবর পরিদর্শন করেন। সেখানে তারা একাত্তরের ২৬ মে সংঘটিত গণহত্যা থেকে বেঁচে যাওয়া শ্রীনিবাস চক্রবর্তী, অধিরাম মালাকারসহ কয়েকজনের সাক্ষ্যগ্রহণ করেন। গত শুক্রবার থেকে সিলেট বিভাগে তদন্ত কাজ শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। ওই দিন সকালে তদন্ত দল হবিগঞ্জ জেলায় তদন্ত শুরু করে। শনিবার তদন্ত দলটি সিলেটের তামাবিল, নগরীর আবহাওয়া অফিস ও শহীদ সামসুদ্দিন হাসপাতালের তিনটি গণকবর পরিদর্শন, তথ্য-উপাত্ত সংগ্রহ ও কয়েকজনের সাক্ষ্যগ্রহণ করে। মঙ্গলবার পর্যন্ত তদন্ত দলটি সিলেট বিভাগে অবস্থান করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম কেএমএস/২১৫৮ ঘ.