২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'সিলেটের ফরিদ-হাবিবের যুদ্ধাপরাধের প্রমাণ মিলেছে'

জামায়াতে ইসলামীর সিলেটের দুই নেতা ফরিদউদ্দিন চৌধুরী ও হাবিবুর রহমানের একাত্তরে যুদ্ধাপরাধে জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দলের সদস্য আবদুল হান্নান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2011, 12:33 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

সিলেট, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর সিলেটের দুই নেতা ফরিদউদ্দিন চৌধুরী ও হাবিবুর রহমানের একাত্তরে যুদ্ধাপরাধে জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দলের সদস্য আবদুল হান্নান। সিলেটে যুদ্ধাপরাধের তদন্তের পর শনিবার তিনি সাংবাদিকদের এ কথা বলেন। সাবেক আইজি হান্নান খানের নেতৃত্বে চার সদস্যের তদন্ত দল সকালে সিলেটে কাজ শুরু করে। দলের অন্য সদস্যরা হলেন- আবদুর রাজ্জাক খান, মনোয়ার হোসেন ও আবদুল আউয়াল। সাবেক সংসদ সদস্য ফরিদ এবং সিলেট (দক্ষিণ) জেলা জামায়াতের আমির হাবিবের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে কি না- জানতে চাওয়া হলে হান্নান বলেন, "তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের কিছু তথ্য-প্রমাণ পাওয়া গেছে।" একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিও এ দুই জামায়াত নেতার বিরুদ্ধে একাত্তরে যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগ আনে। হান্নান খান বলেন, "সিলেটেও অনেক যুদ্ধাপরাধী রয়েছে। পর্যায়ক্রমে তাদেরও বিচারের আওতায় আনা হবে।" তবে কারো নাম বলতে রাজি হননি তিনি। হান্নান বলেন, দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় থাকায় মানবতাবিরোধী অপরাধে জড়িতরা শক্তিশালী হয়ে উঠেছে। সিলেটে কাজের অগ্রগতির বিষয়ে তিনি বলেন, "তামাবিলে আমরা বড় একটা বধ্যভূমি পরিদর্শন করেছি। স্থানীয় এক মাওলানা জানিয়েছেন, রাজাকারদের সহায়তায় পাকিস্তানি হানাদাররা সাধারণ মানুষকে মেরে ফেলে চলে যেত। তিনি তাদের অনেককে কবর দিয়েছেন। " গোয়াইনঘাট উপজেলার তামাবিল থেকে ফিরে নগরীর শাহী ঈদগাহ এলাকার আবহাওয়া অফিসের বধ্যভূমি ও চৌহাট্টার শহীদ সামসুদ্দিন হাসপাতাল সংলগ্ন বধ্যভূমি পরিদর্শন করে তদন্ত দল। তদন্ত দলের সদস্যরা সিলেট বিভাগের বধ্যভূমি ও গণকবর পরিদর্শন ছাড়াও সেখানে আলবদর-রাজাকারদের কোনো অফিসের সন্ধান পেলে সেখানে গিয়েও তথ্য-উপাত্ত সংগ্রহ করবে বলে জানান হান্নান। একাত্তরের যুদ্ধাপরাধের বিচারের জন্য গত বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত জামায়াতে ইসলামীর পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান বিরোধী দল বিএনপির দুই নেতাও একই অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। তদন্ত কর্মকর্তা হান্নান বলেন, দীর্ঘ ৪০ বছর আগের একটি বিষয় তদন্ত সময়সাপেক্ষ। সাক্ষী ও প্রত্যক্ষদর্শী মারা যাওয়ায় অনেক ক্ষেত্রে তথ্য উদ্ধার করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার থেকে সিলেট বিভাগে তদন্ত কাজ শুরু করে ট্রাইব্যুনালের তদন্ত দল। প্রথম দিনে হবিগঞ্জে কাজ করেন তারা। দলের সদস্যরা রাতে সিলেট পৌঁছান। তারা রোববারও সিলেটে আরো কয়েকটি বধ্যভূমি পরিদর্শন করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৮৩০ ঘ.