২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কিশোরগঞ্জে

কিশোরগঞ্জে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তারা কিশোরগঞ্জ জেলার বিভিন্ন বধ্যভূমি পরিদর্শন ও এ সংক্রান্ত তথ্য উপাত্ত সংগ্রহ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2011, 11:36 AM

Updated : 24 Aug 2022, 03:06 PM

কিশোরগঞ্জ, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তারা কিশোরগঞ্জ জেলার বিভিন্ন বধ্যভূমি পরিদর্শন ও এ সংক্রান্ত তথ্য উপাত্ত সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুই তদন্ত কর্মকর্তা মো. সানাউল হক ও মতিউর রহমান সদর উপজেলার লতিবাবাদ, শোলমারা, নীলগঞ্জ, সিদ্ধেশ্বরীঘাট, যশোদল, বড়ইতলা বধ্যভূমি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা বধ্যভূমির আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেন। তদন্ত কর্মকর্তা মো. সানাউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একাত্তরের প্রত্যক্ষদর্শীরা পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের চালানো হত্যা, নারী নির্যাতন, অগ্নিসংযোগ ও লুটপাটসহ বিভিন্ন অপরাধের বিবরণ এবং জড়িতদের ব্যাপারে তথ্য দিয়েছেন। অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট হায়দার জাহান ফরাশ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে আলম সিদ্দিকীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এবং মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে বুধবার তদন্তকারী দলের কর্মকর্তারা ভৈরব ও বাজিতপুর উপজেলার বিভিন্ন বধ্যভূমি পরিদর্শন করেন। তদন্ত দলের কর্মকর্তারা কিশোরগঞ্জ সার্কিট হাউজে অবস্থান করছেন। তদন্ত দল কিশোরগঞ্জ জেলার অন্যান্য বধ্যভূমি পরিদর্শন ও মুক্তিযুদ্ধের সময়ের বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করবেন বলে জানান তদন্ত কর্মকর্তা সানাউল। একাত্তরের যুদ্ধাপরাধের বিচারের জন্য গত বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত জামায়াতে ইসলামীর পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান বিরোধী দল বিএনপির দুই নেতাও একই অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী কারাগারে রয়েছেন। জিয়াউর রহমান সরকারের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭৩৭ ঘ.