ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা সাক্ষ্য দেবেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিলেন আইনবিদ, মানবাধিকার কর্মীসহ সংশ্লিষ্টরা।
শুক্রবার ঢাকার সিরডাপ মিলনায়তনে এক গোলটেবিল বৈঠকে মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব মফিদুল হক বলেন, মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতরা সংঘবদ্ধ। তারা বিচারকাজ ব্যাহত করার চেষ্টা করছে। এ জন্য সাক্ষীদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ যাদুঘর ও ইয়েল ল' স্কুল আয়োজিত এ গোলটেবিল বৈঠকে একাত্তরে যৌন নিপীড়নের ঘটনার বিচার প্রক্রিয়া নিয়ে বিশেষভাবে আলোচনা হয়।
একাত্তরে সংগঠিত যৌন নিপীড়নের বিচার প্রক্রিয়া কেমন হওয়া উচিৎ, সে বিষয়ে এই আলোচনায় বেশ কিছু সুপারিশ উপস্থাপন করেন ইয়েল ল' স্কুলের টেসা বিয়ালেক ও ফ্রেয়া পিটস।
দি স্পেশাল ট্রাইব্যুনাল ফর লেবানন, দি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ফর রুয়ান্ডা, দি স্পেশাল কোর্ট ফর সিয়েরা লিওনসহ বিভিন্ন বিশেষ আদালতের কর্মপদ্ধতি বিশ্লেষণ করে এই সুপারিশমালা তৈরি করা হয়েছে বলে জানান তারা।
'কমপারেটিভ স্টাডি অব ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালস ইন অ্যাড্রেসিং ইস্যুজ অব সেক্সুয়াল ভায়োলেন্স' শিরোনামে এই গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বর্তমান সরকার মানবতাবিরোধী অপরাধীদের বিচার স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের করতে চায়। বিচার কোনোভাবে প্রশ্নবিদ্ধ হোক, সরকার তা চায় না। এ জন্য বিদেশি বিশেষজ্ঞরা প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে সহযোগিতা দিচ্ছেন।
সভাপতির বক্তব্যে মফিদুল হক বলেন, সাক্ষীদের সুরক্ষায় আইনের খসড়া তৈরির কাজ চলছে। মুক্তিযুদ্ধের সময় যারা যৌন নির্যাতনের শিকার হয়েছেন- সাক্ষ্য দেওয়ার কারণে তারা যাতে সমাজে নিগৃহীত না হন, সে বিষয়টিও আইন ও বিধি করার ক্ষেত্রে বিবেচনায় নেয়া হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু বলেন, এই বিচারে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন, ছবি, ফিল্ম, টেপ রেকর্ডার সবকিছুই আলামত হিসেবে গ্রহণযোগ্য বিবেচিত হবে। এছাড়া ভিকটিম ও সাক্ষীদের নিরাপত্তার ক্ষেত্রে কেউ হুমকি সৃষ্টি করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/জেকে/১৪১৬ ঘ.
bdnews24