ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে সেফ হোমে দিনভর জিজ্ঞাসাবাদ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় সাঈদীকে কারাগার থেকে সেফ হোমে নেওয়া হয়। আদালতের নির্দেশ অনুযায়ী ডাক্তারি পরীক্ষার পর সকাল ১০টায় জামায়াত নেতাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলে।
জিজ্ঞাসাবাদে সাঈদী পিরোজপুরে একাত্তরে গণহত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা আব্দুল হান্নান। তিনি সাংবাদিকদের বলেন, "বক্তব্যের মধ্য দিয়ে গণহত্যায় তার সম্পৃক্ততারও প্রমাণ মিলেছে।"
যুদ্ধকালীন অপরাধ ঢাকতে সাঈদী বিভিন্ন সময় নাম পরিবর্তন করেছিলেন বলে হান্নান জানান। তবে পিরোজপুরে পরিচিত ৫ তহবিল গঠনেরর কথা সাঈদী অস্বীকার করেন বলে তদন্ত কর্মকর্তা জানান।
সাঈদীর বিরুদ্ধে অভিযোগ, একাত্তরে সাঈদী পাকিস্তানি বাহিনীকে সহায়তা করতে একটি তহবিল গঠন করেন তিনি। ওই তহবিল '৫ তহবিল' নামে পরিচিত।
ওই তহবিলের অর্থ আত্মসাত করে সাঈদী নিজের আর্থিক অবস্থা ফেরান বলেও তদন্ত সংস্থা পিরোজপুরে অনুসন্ধান চালিয়ে প্রমাণ পেয়েছে।
হান্নান বলেন, "যে বিষয়টির কথা পিরোজপুরের সবাই জানেন, তিনি বলছেন, এ ধরনের কিছু ছিলো না। অস্বীকার করার মাধ্যমে তিনি সত্যকে প্রতিষ্ঠিত করেছেন।"
এর আগে স্বাধীনতার বিরোধিতাকারী এ দলটির আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদকে সেফ হোমে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকেও।
ট্রাইব্যুনালকে বরাদ্দ দেওয়া ধানমণ্ডির একটি বাড়ি জিজ্ঞাসাবাদের জন্য ব্যবহার করছে তদন্ত দল, একেই সেফ হোম বলা হচ্ছে।
একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে গত বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর থেকে এ পর্যন্ত জামায়াতের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিএনপিরও দুই নেতা একই অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের কারাগারে থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৭৫০ ঘ.
bdnews24