২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'মানবতাবিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক মানে হবে'

যে কোনো মূল্যে আন্তর্জাতিক মান বজায় রেখে একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2011, 12:18 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যে কোনো মূল্যে আন্তর্জাতিক মান বজায় রেখে একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। বুধবার দুপুরে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও তদন্ত কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনে আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক বিবেচনায় নয়, বরং একাত্তরের মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্টতা বিবেচনায় এই বিচার কাজ চলছে। তিনি বলেন, "এই বিচারে সাক্ষীদের সুরক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অভিযুক্ত পক্ষকে আত্মপক্ষ সমর্থনে সব সুবিধা দেওয়া হবে। যেন এই বিচারকে কেউ কোনোভাবে প্রশ্নবিদ্ধ করতে না পারে। "যারা এই বিচারকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তারা বলছে রাজনৈতিক কারণে এই বিচার করা হচ্ছে।" অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচার করা হচ্ছে। আন্তর্জাতিক মাপকাঠি বজায় রেখে বিচার করতে আরো অভিজ্ঞতা প্রয়োজন। এজন্য পৃথিবীর অন্যান্য দেশের ট্রাইব্যুনালের অভিজ্ঞতা আমাদের কাজে লাগে লাগাতে হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, ব্যরিস্টার মো. আমীর-উল ইসলাম প্রমুখ। কর্মশালায় প্রশিক্ষক হিসাবে রয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এর লিগাল টুল বিশেষজ্ঞ মর্টেন বার্গসমো ও টোরে সোলডাল। আগামী ১৩ মে পর্যন্ত এই কর্মশাল চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৮১৬ ঘ.