২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা চৌধুরী সেফ হোমে দিনভর জিজ্ঞসাবাদ

একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে সেফ হোমে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত সংস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 04:21 AM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে সেফ হোমে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত সংস্থা। মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে সালাউদ্দিন কাদেরকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সেফ হোমে নেওয়া হয়। এজন্য এক দিন আগেই তাকে গাজীপুর জেলা কারাগার থেকে ঢাকায় আনা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী সকাল ১০টায় বিএনপি নেতাকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়। বিকাল ৫টায় জিজ্ঞাসাবাদ শেষে সালাউদ্দিন কাদেরকে কারাগারে ফেরত নেওয়া হয় বলে তদন্ত কর্মকর্তা আব্দুল হান্নান সাংবাদিকদের জানিয়েছেন। জিজ্ঞাসাবাদ শেষে রাত পৌনে ৯টায় সালাউদ্দিনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুর জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছেন গাজীপুর জেলা কারাগারের কারা তত্ত্বাবধায়ক মো. সিরাজুল ইসলাম। সেফ হোমে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার দুপুরে গাজীপুর জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানে তাকে ঢাকা পাঠানো হয়েছিল। তদন্ত সংস্থার আবেদনে গত ১৯ এপ্রিল সালাউদ্দিন কাদেরকে একাত্তরের যুদ্ধাপরাধের বিষয়ে সেফ হোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় যুদ্ধাপরাধের বিচারে গঠিত এ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বরাদ্দ দেওয়া ধানমণ্ডির একটি বাড়ি জিজ্ঞাসাবাদের জন্য ব্যবহার করছে তদন্ত দল, একেই সেফ হোম বলা হচ্ছে। একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর দুই শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মো. মুজাহিদকেও এর আগে সেফ হোমে জিজ্ঞাসাবাদ করা হয়। একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরকে গ্রেপ্তারের জন্য গত ১৫ ডিসেম্বর ট্রাইব্যুনালে আবেদন করে যুদ্ধাপরাধ তদন্ত সংস্থা। এর ২৪ ঘণ্টার মধ্যে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার মামলায় এ সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়। ১৯ ডিসেম্বর যুদ্ধাপরাধের অভিযোগেও গ্রেপ্তার দেখানো হয় তাকে। মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরীর ছেলে সালাউদ্দিনের বিরুদ্ধে একাত্তরে চট্টগ্রামের রাউজানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহকে হত্যার অভিযোগ রয়েছে। এছাড়া গণহত্যায় মদদ দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। 'অনেক সত্য বলে দিয়েছেন' 'স্বভাবসুলভ' বেশি কথা বলতে গিয়ে '৭১-এর মানবতাবিরোধী অপরাধ বিষয়ে সালাউদ্দিন কাদের চৌধুরী অনেক সত্য বলে দিয়েছেন বলে জানান প্রধান তদন্ত কর্মকর্তা আব্দুল হান্নান খান। জিজ্ঞাসাবাদকালে সালাউদ্দিন কাদের চৌধুরী তদন্ত কর্মকর্তাদের সঙ্গে তার 'স্বভাবসুলভ' আচরণ করেছেন বলে জানান আব্দুল হান্নান খান। তিনি বলেন, "জিজ্ঞাসাবাদের আগে ডাক্তারি পরীক্ষার কথা থাকলেও সালাউদ্দিন কাদের চৌধুরী সরকারি ডাক্তার দিয়ে পরীক্ষা করাবেন না বলে জানিয়ে দেন। "দুপুরের খাবার দেওয়া হলে তিনি অন্যের রান্না করা খাবার খান না জানিয়ে দেন। পরে ফল খেতে চান। তাকে তা খেতে দেওয়া হয়।" জিজ্ঞাসা সাকা চৌধুরী কী বলেছেন সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে প্রধান তদন্ত কর্মকর্তা জানান, "উনি কিছু বলবেন না বললেও সেটা পরে ঠিক থাকেনি। স্বভাবসুলভ বেশি কথা বলার কারণে অনেক সত্য কথা বলে দিয়েছেন। যা আমাদের তদন্তের কাজে লাগবে।" "এতোদিনকার তদন্তে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে তার জড়িত থাকার বিষয়ে তথ্য বেরিয়ে এসেছে। জিজ্ঞাসাবাদকালে সেগুলোর বিষয়ে তার বক্তব্য জানতে চাওয়া হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/প্রতিনিধি/এমআই/পিডি/২২১৯ ঘ.