২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা ঢাকা কেন্দ্রীয় কারাগারে

একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে সেফ হোমে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2011, 08:06 AM

Updated : 24 Aug 2022, 03:02 PM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে সেফ হোমে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। গাজীপুর জেলা কারাগার থেকে সাকাকে বহনকারী প্রিজন ভ্যানটি সোমবার দুপুর ৩টায় কেন্দ্রীয় কারাগারে পৌঁছায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান জেষ্ঠ্য কারা তত্ত্বাবধায়ক তৌহিদুল ইসলাম। এর আগে বেলা সাড়ে ১২টার দিকে গাজীপুর থেকে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে পাঠানো হয়। গাজীপুর জেলা কারাগারের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সালাউদ্দিন কাদেরকে সেফ হোমে জিজ্ঞাসাবাদের করা হবে। এজন্য গাজীপুর থেকে ঢাকা যেতে সময় বাঁচাতে তাকে আজই (সোমবার) পাঠানো হয়েছে। তদন্ত সংস্থার আবেদনে গত ১৯ এপ্রিল সালাউদ্দিন কাদেরকে একাত্তরের যুদ্ধাপরাধের বিষয়ে সেফ হোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর দুই শীর্ষ নেতাকেও এর আগে সেফ হোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়। ট্রাইব্যুনালকে বরাদ্দ দেওয়া ধানমণ্ডির একটি বাড়ি জিজ্ঞাসাবাদের জন্য ব্যবহার করছে তদন্ত সংস্থা, এটাকেই বলা হচ্ছে 'সেফ হোম'। একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে গ্রেপ্তারের জন্য গত ১৫ ডিসেম্বর ট্রাইব্যুনালে আবেদন করে যুদ্ধাপরাধ তদন্ত সংস্থা। এর ২৪ ঘণ্টার মধ্যে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার মামলায় এ সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়। ১৯ ডিসেম্বর যুদ্ধাপরাধের অভিযোগেও গ্রেপ্তার দেখানো হয় তাকে। মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরীর ছেলে সালাউদ্দিনের বিরুদ্ধে একাত্তরে চট্টগ্রামের রাউজানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহকে হত্যার অভিযোগ রয়েছে। এছাড়া গণহত্যায় মদদ দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/প্রতিনিধি/আরএ/১৬২৬ ঘ.