২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বৈধতা নিয়ে রিট আবেদন

একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে যে আইনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, তার দুটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2011, 07:24 AM

Updated : 24 Aug 2022, 03:02 PM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে যে আইনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, তার দুটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন হয়েছে। সোমবার হাইকোর্টে দায়ের করা এ রিট আবেদনে ব্যক্তি ও ব্যক্তিগোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং সুপ্রিম কোর্টের দুই বিচারকের ট্রাইব্যুনালে নিয়োগ দেওয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। রেজাউল করিম নামে এক আইনজীবীর পক্ষে ব্যারিস্টার ফখরুল ইসলাম সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন। এতে আইন সচিব ও স্বরাষ্ট্র সচিবকে বিবাদি করা হয়েছে। ব্যারিস্টার ফখরুল যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর হয়ে বিভিন্ন মামলা লড়ছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (সংশোধিত) আইন-২০০৯ এর আওতায় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল কাজ করছে। রিট আবেদনে বলা হয়, ২০০৯ সালের ১৪ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (সংশোধিত) আইন ২০০৯'র গেজেট প্রকাশিত হয়। ওই সংশোধনীতে ধারা ৩ (১) ও ৬ (২) এ পরিবর্তন আনা হয়। ১৯৭৩ সালের আইনের ৩ (১) ধারায় সামরিক, প্রতিরক্ষা ও সহযোগী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিধান ছিলো। সেটির সংশোধিত আইনে ব্যক্তি ও ব্যক্তিগোষ্ঠী শব্দ দুটি যোগ করা হয়েছে। এর ফলে তৎকালীন সময়ের যে কোনো ব্যক্তির বিরুদ্ধে সরকার মামলা করতে পারবে। এটি সংবিধানের ৪৭ (৩) ধারার সঙ্গে সাংঘর্ষিক বলে রিট আবেদনকারীর দাবি। অপরাধ ট্রাইবুনালের ৬ (২) ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের দুই বিচারপতিকে ট্রাইব্যুনালে নিয়োগ দেওয়া হয়। এটা সংবিধানের ৯৪ (৩) ধারার সাংঘর্ষিক বলে আবেদনে বলা হয়। সংবিধানের ৯৪ (৩) ধারায় বলা হয়েছে, প্রধান বিচারপতি ও আপিল বিভাগের নিযুক্ত বিচারপতিগণ কেবল ওই বিভাগ এবং অন্যান্য বিচারকগণ কেবল হাইকোর্ট বিভাগে আসন গ্রহণ করবেন। রিট আবেদনকারীর আইনজীবী ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, এমএ আজিজকে প্রধান নির্বাচন কশিনার হিসেবে নিয়োগের পর বর্তমান প্রধান বিচারপতি সংবিধানের ৯৪ (৩) অনুযায়ী দেওয়া এক রায়ে বলেছিলেন একই সঙ্গে দুটি পদ তিনি গ্রহণ করতে পারবেন না। তিনি আরো বলেন, বিডিআর বিদ্রোহের বিচারের সময় বিডিআর শব্দটিকে আর্মি আইনে আনা যায়নি। তাই ওই আইনে ব্যক্তি এবং ব্যক্তিগোষ্ঠী শব্দগুলো সামরিক, প্রতিরক্ষা ও সহযোগী শব্দগুলোর সঙ্গে ব্যবহার করা যাবে না। আগামী রোববার এই রিটের শুনানি হতে পারে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/কিউএইচ/এমআই/১৩২৫ ঘ.