ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে বৃহস্পতিবার ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদকে ৮ মে সেফ হোমে জিজ্ঞাসাবাদ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
তদন্তকারী কর্মকর্তা মো. আ. রাজ্জাক খান বুধবার এক নোটিসের মাধ্যমে নিজামী-মুজাহিদের আইনজীবী অ্যাডভোকেট মো. তাজুল ইসলামকে তথ্য জানান।
নোটিশে বলা হয়েছে, মাওলানা মতিউর রহমান নিজামীকে ৫ মে এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ৮ মে ধানমন্ডির সেফ হোমে জিজ্ঞাসাবাদ করা হবে।
অ্যাডভোকেট তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ (বুধবার) দুপুর ১টার দিকে ট্রাইব্যুনালের চিঠি পেয়েছি। অভিযুক্তের আইনজীবী হিসেবে জিজ্ঞাসাবাদের ৪৮ ঘণ্টা আগে আমাকে এ বিষয়টি জানানোর কথা। কিন্তু তারা আগামীকাল জিজ্ঞাসাবাদের কথা আজ জানিয়েছে।"
এ ব্যাপারে তদন্ত সংস্থার সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।
গত ২১ এপ্রিল একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার মতিউর রহমান নিজামী ও আলী আহসান মো. মুজাহিদসহ জামায়াতে ইসলামীর চার শীর্ষ নেতার জামিনের আবেদন নাকচ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বাকি দুই নেতা হলেন- জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা।
গত বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর থেকে এ পর্যন্ত মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী দল জামায়াতের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ চারজন বাদে আরেকজন হলেন দেলোয়ার হোসেন সাঈদী।
এছাড়া দুই বিএনপি নেতারও বিচার চলছে এ আদালতে। তাদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী কারাগারে থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/কিউএইচ/জেকে/১৮৪৫ ঘ.
bdnews24