ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া অন্য দেশের জন্য 'দৃষ্টান্ত' হয়ে থাক- এমনটিই চায় যুক্তরাষ্ট্র। দেশটির যুদ্ধাপরাধ বিষয়ক বিশেষ দূত স্টিফেন জে র্যাপ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
রাজধানীতে আমেরিকান রিক্রিয়েশন অ্যাসোসিয়েশন কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঢাকায় জানুয়ারিতে প্রথম সফর শেষে গত ২১ মার্চ তিনি পররাষ্ট্র ও আইনমন্ত্রীকে লেখা চিঠিতে যেসব সুপারিশ তুলে ধরেছিলেন, তাতে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।
কীভাবে স্বাধীন, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের বিচার করা যায়- ১০ পৃষ্ঠার ওই চিঠিতে সে বিষয়ে বেশ কিছু সুপারিশ তুলে ধরেছিলেন তিনি।
সংবাদ সম্মেলনে র্যাপ বলেন, "যুদ্ধাপরাধের বিচারে বাংলাদেশের সামনে দৃষ্টান্ত স্থাপনের সুযোগ রয়েছে। আমরা চাই এক্ষেত্রে বাংলাদেশ অন্য দেশের জন্য একটি 'মডেল' হোক।"
তিনি বলেন, "একটি দেশ যদি নিজস্ব আইনে এ ধরনের বিচার করতে পারে, তাহলে আর তাদের আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হতে হবে না।"
অবশ্য এর সঙ্গে রাজনীতিকে জড়িয়ে ফেলা ঠিক হবে না বলেও মন্তব্য করেন র্যাপ।
মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারে যথেষ্ট সময় লাগবে জানিয়ে তিনি বলেন, "তথ্য প্রমাণ জোগাড় করতেই অনেক সময় অতিবাহিত হয়ে যাবে। এরপর আনুষ্ঠানিক অভিযোগ গঠন এবং বিচারকের সিদ্ধান্ত পেতে আরো সময় লেগে যাবে।"
অ্যাম্বাসেডর অ্যাট-লার্জ স্টিফেন র্যাপ তিন দিনের সফরে রোববার ঢাকা পৌঁছান। বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার-প্রক্রিয়ার অগ্রগতি বিষয়ে এটি ঢাকায় তার দ্বিতীয় সফর। এর আগে গত ৯ জানুয়ারি চার দিনের সফরে ঢাকা এসেছিলেন তিনি।
যুদ্ধাপরাধীদের বিচারকে একটি জটিল কর্মযজ্ঞ অভিহিত করে র্যাপ বলেন, "আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তথ্য-প্রমাণ জোগাড় করতে তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটরদের কঠোর পরিশ্রম করতে হচ্ছে। আমি তাদের কাজ দেখে অভিভূত।"
এর আগে সোমবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক, প্রসিকিউটর ও তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের এই বিশেষ দূত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএল/জেকে/২১৫০ ঘ.
bdnews24