২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ আইনের বিধি সংশোধনের পরামর্শ র‌্যাপের

যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ করতে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের কিছু বিধি সংশোধনের পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধ বিষয়ক বিশেষ দূত স্টিফেন জে র‌্যাপ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2011, 01:10 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ করতে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের কিছু বিধি সংশোধনের পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধ বিষয়ক বিশেষ দূত স্টিফেন জে র‌্যাপ। সোমবার সচিবালয়ে আইনমন্ত্রী শফিক আহমেদের সঙ্গে দেখা করে তিনি এ পরামর্শ দেন। বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, "গত জানুয়ারি মাসে স্টিফেন র‌্যাপ বাংলাদেশ সফরে এসে আইনটির কিছু বিষয় সংশোধনের পরামর্শ দিয়েছিলেন। এবার তিনি আইনের পরিবর্তে বিচার প্রক্রিয়া ও কিছু বিধির সমস্যা তুলে ধরে তা সংশোধনের সুপারিশ করেছেন।" অবশ্য র‌্যাপ এ সময় গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলতে রাজি হননি। শফিক আহমেদ বলেন, "তাকে (র‌্যাপ) জানানো হয়েছে, এসব সুপারিশ ট্রাইব্যুনালের কাছে পাঠানো হবে। তারা নিজেরাই প্রয়োজনে এসব বিধি সংশোধন করতে পারবেন।" এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্ত সংস্থা, প্রসিকিউশন টিম ও বিচারকদের সঙ্গে বৈঠক করেন স্টিফেন জে র‌্যাপ। অ্যাম্বাসেডর অ্যাট-লার্জ স্টিফেন র‌্যাপ তিন দিনের সফরে রোববার ঢাকা পৌঁছান। বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার-প্রক্রিয়ার অগ্রগতি বিষয়ে এটি ঢাকায় তার দ্বিতীয় দফা সফর। এর আগে গত ৯ জানুয়ারি চার দিনের সফরে এসেছিলেন তিনি। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ বিচারের জন্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গত বছর ২৫ মার্চ তদন্ত সংস্থা, আইনজীবী প্যানেল ও বিচারক প্যানেল গঠন করলে বহু প্রতীক্ষিত এই বিচার প্রক্রিয়া শুরু হয়। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের অন্যতম শরিক, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লাকে ইতোমধ্যে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও সবেক মন্ত্রী আব্দুল আলীমকেও যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। সালাউদ্দিন কারাগারে এবং আব্দুল আলীম বিশেষ শর্তে জামিনে রয়েছেন। আটক ব্যক্তিদের রাজনৈতিক উদ্দেশ্যে হেনস্তা করা হচ্ছে- বিএনপি ও জামায়াতে ইসলামীর এমন অভিযোগের বিষয়ে আইনমন্ত্রী শফিক আহমেদ সাংবাদিকদের বলেন, "এসব অভিযোগ সত্য নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জেকে/১৯০৬ ঘ.