ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধীদের বিচারে গঠিত বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতের কার্যক্রম ও বিধিমালা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন যুদ্ধাপরাধ বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিফেন জি র্যাপ।
সোমবার আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্ত সংস্থা, প্রসিকিউশন টিম এবং বিচারকদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া প্রকাশ করেন তিনি।
স্টিফেন জি র্যাপ বলেন, যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে আমরা এ বিচার কার্যক্রম সম্পর্কে জানতে চাইছি। পুরো প্রক্রিয়াটি চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত অগ্রগতিতে আমরা সন্তুষ্ট।
"সুষ্ঠুভাবে বিচার করতে সাক্ষীদের সুরক্ষায় আইন করা নিয়েও আলোচনা হয়েছে। এ সব বিষয়ে আমাদের অভিজ্ঞতা নিয়ে তাদের সঙ্গে কথা হয়েছে।"
অ্যাম্বাসেডর অ্যাট-লার্জ স্টিফেন র্যাপ ১ মে তিন দিনের সফরে ঢাকায় আসেন। বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার-প্রক্রিয়ার অগ্রগতি বিষয়ে আলোচনার জন্য দ্বিতীয় দফায় ঢাকা এলেন তিনি। এর আগে গত ৯ জানুয়ারি চার দিনের সফরে এসেছিলেন তিনি।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে তিনি চারদিনের এই সফরে ঢাকায় এসেছেন বলে জানিয়েছে মার্কিন দূতাবাস।
আইন মন্ত্রণালয়ের বিশেষ আমন্ত্রণে অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সঙ্গে র্যাপের বৈঠকে অংশ নেন ব্যারিস্টার আমীর উল ইসলাম।
বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, গতবার বাংলাদেশ সফরকালে র্যাপ ট্রাইব্যুনাল বিধিমালা সংশোধনের সুপারিশ করেছিলেন। এবার বিষয়টি আমরা তাকে বুঝিয়ে বলেছি।
"আমরা বলেছি, আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালত আইন-১৯৭৩ হচ্ছে তৎকালীন সময়ের সবচেয়ে মানসম্মত আইন। আজো যদি পৃথিবীর কোথাও মানসম্মত কোনো আইন বা রায় হয়, আমরা সেসব গ্রহণ করতে প্রস্তুত।"
ব্যাখ্যায় স্টিফেন জি র্যাপ সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানান তিনি।
প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু বলেন, "সাক্ষী সুরক্ষা নিয়ে আমাদের কথা হয়েছে। তিনি (স্টিফেন জি র্যাপ) তার সিয়েরালিয়নের অভিজ্ঞতা তুলে ধরেছেন।"
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান প্রসিকিউটর বলেন, মূল স্তরের বিচারে সাক্ষী সুরক্ষা আইন থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর/এসএন/এএল/এমআই/১৫৫৫ ঘ.
bdnews24