ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার মতিউর রহমান নিজামী ও আলী আহসান মো. মুজাহিদসহ জামায়াতে ইসলামীর চার শীর্ষ নেতার জামিনের আবেদন নাকচ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে ট্রাইব্যুনাল বৃহস্পতিবার এ আদেশ দেয়।
চার নেতা হলেন- জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা।
এর মধ্যে নিজামী ও মুজাহিদকে জিজ্ঞাসাবাদের জন্য সেফহোমে নেওয়ার অনুমতি ইতোমধ্যেই পেয়েছে তদন্ত সংস্থা। তা পুনর্বিবেচনার জন্য দুই জামায়াত নেতার কৌঁসুলিরা আবেদন করলে বৃহস্পতিবার তাও নাকচ করে ট্রাইব্যুনাল।
সকাল সাড়ে ১০টায় আদালতের কার্যক্রম শুরুর আগেই জামায়াত নেতাদের পুরনো হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে নেওয়া হয়।
আটক চার নেতার অসুস্থতার কথা তুলে ধরে তাদের আইনজীবী মো. তাজুল ইসলাম শুনানিতে বলেন, "তাদের (আটক নেতা) বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। যুদ্ধের পর তাদের বিরুদ্ধে কোনো অভিযোগপত্র গঠন করা হয়নি এবং দীর্ঘদিন আটক রাখার পরেও তদন্ত সংস্থা কোনো তদন্ত প্রতিবেদন দিতে পারেনি।"
এর জবাবে প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী বলেন, "তারা যে ধরনের অপরাধ করেছেন তা প্রতিবছর ঘটে না। শত বছর বা হাজার বছরে ঘটে থাকে। এখন তারা বয়স্ক ও রোগাক্রান্ত হলেও তারা যে সময় অপরাধ করেছেন সে সময় কর্মক্ষম ছিলেন। তাদের স্বাস্থ্যগত অবস্থা বিবেচনা করে পদক্ষেপ নেওয়া হয়েছে। এরপরও প্রয়োজনে আরো পদক্ষেপ নেওয়া হবে।"
এরপর আটক চার নেতার জন্য কারাগারের ভেতর বা বাইরে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে কারা কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দেয় আদালত। একইসঙ্গে আদালতের নির্দেশনায় বলা হয়েছে, জামায়াতে ইসলামীর শীর্ষ এ চার নেতা বারডেম হাসপাতালে ডায়াবেটিসের চিকিৎসা নিতে পারবেন। প্রয়োজনে কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বাইরে থেকে ওষুধ সংগ্রহ পারবে।
যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন জমা দিতে তদন্ত সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। আর আগামী ১ জুন প্রসিকিউশন টিমকে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানাতে বলা হয়েছে।
জিজ্ঞাসাবাদের পুনর্বিবেচনার আবেদন খারিজ হলেও জিজ্ঞাসাবাদের ৪৮ ঘণ্টা আগে তা ট্রাইব্যুনালকে জানাতে প্রসিকিউশন টিমকে নির্দেশ দেওয়া হয়েছে।
ট্রাইবুনাল জানায়, জিজ্ঞাসাবাদের প্রাপ্ত তথ্য সাক্ষ্য হিসেবে ব্যবহার করা হবে না। বিধিমালায় এ সংক্রান্ত একটি পরিবর্তন আনা হবে।
বুধবার জামায়াতের আরেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর জামিন আবেদনও ট্রাইব্যুনাল নাকচ করে।
গত বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর থেকে এ পর্যন্ত মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী দল জামায়াতের এ পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া দুই বিএনপি নেতাকেও আটক করা হয়েছে। তাদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আটক থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এফএফ/এমআই/১৪২৪ ঘ.
bdnews24