২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামীসহ জামায়াত নেতারা ট্রাইব্যুনালে

একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর পাঁচ শীর্ষ নেতাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2011, 04:59 AM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর পাঁচ শীর্ষ নেতাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। জামায়াত নেতাদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতির প্রতিবেদন বুধবার ট্রাইব্যুনালে উপস্থাপনের কথা রয়েছে। তা করবে তদন্ত সংস্থা। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে সকাল পৌনে ১১টায় ট্রাইব্যুনালের কাজ শুরু হয়েছে। জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামান ও আব্দুল কাদের মোল্লাকে তার আগেই কারাগার থেকে পুরনো হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে আনা হয়। আদালতের কাজ শুরু হওয়ার কিছু সময় পর হাজির করা হয় জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদকে। গত বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর থেকে এ পর্যন্ত মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী দল জামায়াতের এ পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া দুই বিএনপি নেতাকেও আটক করা হয়েছে। তাদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আটক থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৫৬ ঘ.