২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা চৌধুরী ট্রাইব্যুনালে

যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2011, 05:25 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। গত ১৭ জানুয়ারি প্রসিকিউশন বিভাগের আবেদনে তাকে ১৯ এপ্রিল পর্যন্ত আটকাদেশ দেওয়া হয়েছিলো। ওই আদেশের পরবর্তী শুনানির জন্য মঙ্গলবার বিএনপির এ নেতাকে কারাগার থেকে পুরনো হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে আনা হয়েছে। সকাল সাড়ে ১০টায় আদালতের কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও সালাউদ্দিনকে আনতে দেরি হওয়ায় সোয়া ১১টার দিকে তা শুরু হয়েছে। প্রিজন ভ্যান থেকে সালাউদ্দিনকে এজলাসে আনা হয় কোলে করে। তাকে কাঠগড়ায় কয়েকটি বেঞ্চ পরপর সাজিয়ে শুইয়ে রাখা হয়েছে। সালাউদ্দিনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য গত ২৩ মার্চ আরো একটি আবেদন করে তদন্ত সংস্থা। ওই আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। সালাউদ্দিনকে এ নিয়ে তৃতীয় দিনের মতো ট্রাইব্যুনালে হাজির করা হলো। গত ১৬ ডিসেম্বর গ্রেপ্তারের পর ৩০ ডিসেম্বর তাকে প্রথম এবং ১৭ জানুয়ারি তাকে দ্বিতীয়বার ট্রাইব্যুনালে হাজির করা হয়। মগবাজারে গাড়ি পোড়ানোর মামলায় আটক সালাউদ্দিন কাদেরকে গত ১৯ ডিসেম্বর যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়। একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্যকে গ্রেপ্তারের জন্য গত ১৫ ডিসেম্বর ট্রাইব্যুনালে আবেদন করে যুদ্ধাপরাধ তদন্ত সংস্থা। এর ২৪ ঘণ্টার মধ্যে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার মামলায় এ সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়। মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরীর ছেলে সালাউদ্দিনের বিরুদ্ধে একাত্তরে চট্টগ্রামের রাউজানে কুন্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহকে হত্যার অভিযোগ রয়েছে। এছাড়া গণহত্যায় মদদ দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১১২৪ ঘ.