চট্টগ্রাম, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তে কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরী বর্তমানে এ মামলায় কারাগারে রয়েছেন। গত ১৬ ডিসেম্বর ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
ট্রাইব্যুনালের তদন্ত দলের প্রধান আবদুল হান্নান খানের নেতৃত্বে চার তদন্ত কর্মকর্তা ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশগুপ্ত শুক্রবার চট্টগ্রামে পৌঁছান।
তদন্ত দলের অপর তিন সদস্য হলেন- সানাউল হক, নুরুল ইসলাম ও মো. ওবায়দুল্লাহ।
ট্রাইব্যুনালের তদন্ত দলের সদস্যরা শুক্রবার রাউজান এলাকা ঘুরে একাত্তরের কয়েকজন প্রত্যক্ষদর্শীর বক্তব্য শোনেন। এদের মধ্যে আবদুল হান্নান ও সানাউল হক শনিবার রাতে ঢাকায় ফিরে গেলেও বাকি দুই সদস্য ১৩ এপ্রিল পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবেন বলে জানা গেছে। তারা রোববার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজে বসে কয়েকজনের সাক্ষ্য নেন।
তদন্ত কর্মকর্তা নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একাত্তরে চট্টগ্রামে সংগঠিত বিভিন্ন ঘটনার তদন্ত এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নিচ্ছি আমরা।"
এ পর্যন্ত কতোজনের সাক্ষ্য নেওয়া হয়েছে এবং কী কী তথ্য পাওয়া গেছে- তদন্তের স্বার্থে তা প্রকাশ করতে রাজি হননি তিনি।
সাকা চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য ট্রাইব্যুনালের তদন্ত দল এর আগেও দুই দফা চট্টগ্রামে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১৭৪০ ঘ.
bdnews24