২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামী-মুজাহিদের জিজ্ঞাসাবাদ হবে কারাগারে

একাত্তরের যুদ্ধাপরাধের বিষয়ে জামায়াত নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মো. মুজাহিদকে জিজ্ঞাসাবাদের অনুমতি মিললেও তা করা হবে কারাগারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2011, 06:32 AM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধের বিষয়ে জামায়াত নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মো. মুজাহিদকে জিজ্ঞাসাবাদের অনুমতি মিললেও তা করা হবে কারাগারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার জামায়াতের এ দুই নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থাকে অনুমতি দেয়। জিজ্ঞাসাবাদ করলেও জামায়াত নেতাদের হেফাজতে নিতে পারবেন না তদন্ত কর্মকর্তারা। ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাদের জিজ্ঞাসাবাদ করতে হবে সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে। আর জিজ্ঞাসাবাদের দিনক্ষণ ঠিক করবেন তদন্ত কর্মকর্তারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা গত ২৩ মার্চ নিজামী, মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, সুষ্ঠু তদন্তের স্বার্থে নিজামী ও মুজাহিদকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন ট্রাইব্যুনালের কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে। দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুপারকে একটি বিশেষ কক্ষ নির্ধারণ করতে বলেছে ট্রাইব্যুনাল। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তদের সঙ্গে কী ধরনের আচরণ করা হচ্ছে তা দেখতে আইনজীবীদের সেখানে থাকার অনুমতি দেওয়া হয়েছে। তবে তারা কিছু শুনতে পারবেন না। আদালতে নিজামীর পক্ষে মো. তাজুল ইসলাম এবং মুজাহিদের পক্ষে মুন্সী আহসান কবির শুনানি করেন। প্রসিকিউশন বিভাগের পক্ষে ছিলেন সৈয়দ রেজাউর রহমান ও জেয়াদ আল মালুম। দুই প্রসিকিউটর ধানমণ্ডিতে তদন্ত সংস্থাকে দেওয়া একটি বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে চাইলেও তাতে আদালতের সায় মেলেনি। যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকেও জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়েছে তদন্ত সংস্থা। আগামী ১৯ এপ্রিল সে আবেদনের শুনানি হবে। গত বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর থেকে এ পর্যন্ত মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী দল জামায়াতের পাঁচ শীর্ষ নেতাসহ দুই বিএনপি নেতাকে আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৪২০ ঘ.