ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার জিয়াউর রহমানের আমলের মন্ত্রী আব্দুল আলীমকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে আলীমের জামিন এবং তাকে আটক রাখা- উভয় আবেদনেরই শুনানি শুরু হয়েছে।
আলীমকে সকাল সাড়ে ১০টায় ট্রাইব্যুনালে হাজির করার কথা থাকলেও গাজীপুর কাশিমপুর কারাগার তাকে আনা হয় সকাল ১১টায়।
যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে গত ২৭ মার্চ মো. আব্দুল আলীমকে গ্রেপ্তারে আদেশ দিয়েছিলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের আদেশের পর ওই রাতেই জয়পুরহাটে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
একই অভিযোগে কারাগারে আছেন বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী। তাকে গত বছরের ১৬ ডিসেম্বর অন্য একটি মামলায় আটকের তিন দিন পর যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়।
যুদ্ধাপরাধের অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের অন্যতম শরিক মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের পাঁচ নেতাও এখন কারাবন্দি।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারে গত বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর একে একে তাদের গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১১৪১ ঘ.
bdnews24