ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার জিয়াউর রহমানের আমলের মন্ত্রী আব্দুল আলীমকে আটক রাখার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন হয়েছে।
গ্রেপ্তারের পর বিএনপির সাবেক এ সংসদ সদস্যকে সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হলে প্রসিকিউটর জেয়াদ আল মালুম ১৯৭১ সালে আলীমের ভূমিকা ব্যাখ্যা করে তার আটকাদেশ চান।
এ সময় আলীমের আইনজীবী তাজুল ইসলাম এ আবেদনের বিরোধিতা করেন।
তখন আদালত তাকে বলে, "আপনি তো জামিন আবেদন করেননি। এজন্য আবেদন করতে হবে।"
তাজুল আদালতে বলেন, তার (আলীম) বিরুদ্ধে কী অভিযোগ, তার অনুলিপি আমাদেরকে দেওয়া হয়নি।
এ সময় আদালত শুনানি মুলতবি করে এবং আলীম সম্পর্কিত তদন্ত প্রতিবেদনের অনুলিপি আসামি পক্ষকে দেওয়ার জন্য জেয়াদ আল মালুমকে নির্দেশ দেন।
সকাল সাড়ে ১০টায় শুনানি হওয়ার পর ১১টার দিকে শুনানি মুলতবি করা হয়। দুপুর ২টায় আবার শুনানি হবে।
তাজুল সাংবাদিকদের বলেন, দুপুরে শুনানি হলে আমরা জামিনের আবেদন করবো।
জয়পুরহাটে রোববার গ্রেপ্তারের পর সোমবার সকাল পৌনে ৯টার দিকে পুলিশের একটি বিশেষ দল আলীমকে নিয়ে পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনাল কার্যালয়ে পৌঁছে।
যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে রোববার ট্রাইব্যুনালের আদেশের পর জয়পুরহাটে বাড়ি থেকে আলীমকে গ্রেপ্তার করা হয়।
আলীমকে গ্রেপ্তারে গত ২৩ মার্চ ট্রাইব্যুনালে আবেদন করেছিলো যুদ্ধাপরাধ তদন্ত সংস্থা।
আলীমের আগে একই অভিযোগে গ্রেপ্তার হয়ে আছেন বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী। তাকে গত বছরের ১৬ ডিসেম্বর অন্য একটি মামলায় আটকের তিন দিন পর যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়।
যুদ্ধাপরাধের অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের অন্যতম শরিক মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের পাঁচ নেতাও এখন কারাবন্দি।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারে গত বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর একে একে তাদের গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৩৪৫ ঘ.
bdnews24