২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেপ্তার আলীম ট্রাইব্যুনালে

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার জিয়াউর রহমানের আমলের মন্ত্রী আব্দুল আলীমকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2011, 03:46 AM

Updated : 24 Aug 2022, 02:46 PM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার জিয়াউর রহমানের আমলের মন্ত্রী আব্দুল আলীমকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। সোমবার সকাল পৌনে ৯টার দিকে জয়পুরহাট পুলিশের একটি বিশেষ দল আলীমকে নিয়ে পুরাতন হাইকোর্ট ভবনে ট্রাইব্যুনাল কার্যালয়ে পৌঁছে। বিএনপির সাবেক এই সংসদ সদস্যকে রাখা হয়েছে ট্রাইব্যুনাল কার্যালয়ের নিচতলায় সেলে। ট্রাইব্যুনালের নিবন্ধক মো. শাহিনুর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সাড়ে ১০টায় আদালত বসবে এবং আলীমের বিষয়ে শুনানি হবে। যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে রোববার ট্রাইব্যুনালের আদেশের পর জয়পুরহাটে বাড়ি থেকে আলীমকে গ্রেপ্তার করা হয়। জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতেই আলীমকে ঢাকায় পাঠানো হয়। আলীমকে গ্রেপ্তারে গত ২৩ মার্চ ট্রাইব্যুনালে আবেদন করেছিলো যুদ্ধাপরাধ তদন্ত সংস্থা। আদালত গ্রেপ্তারের নির্দেশের পাশাপাশি বলেছিলো, তাকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে আনা হোক। এরপর পরবর্তী নির্দেশনা দেওয়া হবে। আলীমের আগে একই অভিযোগে গ্রেপ্তার হয়ে আছেন বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী। তাকে গত বছরের ১৬ ডিসেম্বর অন্য একটি মামলায় আটকের তিন দিন পর যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়। যুদ্ধাপরাধের অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের অন্যতম শরিক মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের পাঁচ নেতাও এখন কারাবন্দি। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারে গত বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর একে একে তাদের গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/০৯৪০ ঘ.