জয়পুরহাট, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী জয়পুরহাটের আব্দুল আলীমকে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাত ৯টার কয়েক মিনিট আগে আলীমকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জয়পুরহাট জেলা পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল জানান, তাকে গ্রেপ্তারে ১০ সদস্যের পুলিশ দল অংশ নেয়।
আব্দুল আলীমকে গ্রেপ্তারে পুলিশের প্রস্তুতির কথা রাত ৮টার দিকে জানিয়েছিলেন এসপি মোজাম্মেল হক।
তিনি বলেন, ইতোমধ্যে সদর থানায় ১০ জন পুলিশ ও ৩ জন চিকিৎসক প্রস্তুতি নিয়েছেন।
জয়পুরহাট সদর থানা ও আব্দুল আলীমের বাসা কাছাকাছি।
আলীমের বাসভবনের আশপাশে কয়েকশ মানুষ জড়ো হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রোববার আব্দুল আলীমের গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পুলিশকে নির্দেশ দেয় আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।
তদন্ত সংস্থার আবেদনে প্রেক্ষিতে ট্রাইবুনাল এই নির্দেশ দেয়।
তদন্ত সংস্থা আগেই জানিয়েছিলো, একাত্তরে মানবতাবিরোধী অপরাধে এক সময়ের মুসলিম লীগ নেতা ও পরবর্তীতে বিএনপি সরকারের মন্ত্রী আলীমের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
গ্রেপ্তারের পর ট্রাইব্যুনাল বিধিমালার ৩৪(১) অনুচ্ছেদ অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে (যাত্রা পথের সময় ব্যতীত) আলীমকে হাজির করতে পুলিশকে বলা হয়েছে।
অশীতিপর আলীমের শারীরিক অবস্থা তত্ত্বাবধায়ন করতেও পুলিশকে নির্দেশ দেওয়া হয়।
গ্রেপ্তারের পর আদালতে হাজির করার দিন পরবর্তী নির্দেশ দেওয়া হবে বলে ট্রাইব্যুনাল জানায়।
বিএনপির সংসদ সদস্যকে সালাউদ্দিন কাদেরকে গ্রেপ্তার করা হয় গত বছরের ১৬ ডিসেম্বর। এর আগে যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে জামায়াত আমির মতিউর রহমান নিজামীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদনের শুনানি আগামী ৫ এপ্রিল পর্যন্ত মুলতবি করেছে ট্রাইব্যুনাল।
অন্যদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ট্রাইব্যুনালে এদিন আবেদন করেছেন তদন্ত কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/পিডি/২১৩৪ ঘ.
bdnews24