২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আলীমকে গ্রেপ্তারে পুলিশ প্রস্তুত

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী জয়পুরহাটের আব্দুল আলীমকে গ্রেপ্তারে প্রস্তুত পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2011, 02:53 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

জয়পুরহাট, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী জয়পুরহাটের আব্দুল আলীমকে গ্রেপ্তারে প্রস্তুত পুলিশ। জয়পুরহাট জেলা পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক রাত ৮টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইতোমধ্যে সদর থানায় ১০ জন পুলিশ ও ৩ জন চিকিৎসক প্রস্তুতি নিয়েছেন। জয়পুরহাট সদর থানা ও আব্দুল আলীমের বাসা কাছাকাছি। আলীমের বাসভবনের আশপাশে কয়েকশ জড়ো হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রোববার আব্দুল আলীমের গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। তদন্ত সংস্থার আবেদনে প্রেক্ষিতে ট্রাইবুনাল এই নির্দেশ দেয়। তদন্ত সংস্থা আগেই জানিয়েছিলো, একাত্তরে মানবতাবিরোধী অপরাধে এক সময়ের মুসলিম লীগ নেতা ও পরবর্তীতে বিএনপি সরকারের মন্ত্রী আলীমের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তারের পর ট্রাইব্যুনাল বিধিমালার ৩৪(১) অনুচ্ছেদ অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে (যাত্রা পথের সময় ব্যতীত) আলীমকে হাজির করতে পুলিশকে বলা হয়েছে। অশীতিপর আলীমের শারীরিক অবস্থা তত্ত্বাবধায়ন করতেও পুলিশকে নির্দেশ দেওয়া হয়। গ্রেপ্তারের পর আদালতে হাজির করার দিন পরবর্তী নির্দেশ দেওয়া হবে বলে ট্রাইব্যুনাল জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএস/পিডি/২০৫৬ ঘ.