চট্টগ্রাম, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামে নারী নির্যাতনের ঘটনা তদন্ত করেছে মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সদস্যরা।
মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার নগরীসহ জেলার বিভিন্ন স্থানে গিয়ে তদন্ত দলের তিন সদস্য একাত্তরে নির্যাতিত নারী ও তাদের স্বজনদের সাথে কথা বলেন এবং সাক্ষ্য নেন।
সদস্যরা হলেন- ট্রাইবুনালের আইনজীবী অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, উপ-পরিদর্শক ইদ্রিস আলী ও সহকারী পুলিশ সুপার মনোয়ারা বেগম। তারা শুক্রবার সকালে চট্টগ্রাম ত্যাগ করবেন।
মনোয়ারা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবারে আমরা একাত্তরে যুদ্ধকালীন সময়ে ধর্ষিত এবং নির্যাতনের শিকার নারীদের বিষয়টি খতিয়ে দেখেছি।
নারী নির্যাতনের ঘটনায় পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ তারা পেলেও তদন্তের স্বার্থে এএসপি মনোয়ারা বিস্তারিত কিছু বলেননি।
তিনি বলেন, স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নির্যাতিত নারী ছাড়াও সেসময় যেসব চিকিৎসক নির্যাতিত নারীদের চিকিৎসা দিয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি।
এ ছাড়া তদন্ত দলের সদস্যরা চট্টগ্রামে নারী নির্যাতনের বিভিন্ন নথিপত্রও পরীক্ষা করে দেখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/২১০৩ ঘ.
bdnews24