ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধ বিচারে গঠিত ট্রাইব্যুনাল 'আন্তর্জাতিক মানের' হয়নি বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
মঙ্গলবার সংসদে ফিরে তিনি এ মন্তব্য করেন।
সরকারের উদ্দেশে বিএনপি চেয়ারপারসন বলেন, "আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনাল গঠন করুন। যাকে-তাকে ধরে নিয়ে নির্যাতন করবেন, পরে যুদ্ধাপরাধের মামলায় জড়াবেন- তা হবে না।''
তিনি 'প্রকৃত' যুদ্ধাপরাধীদের বিচার দাবি করে বলেন, "আপনাদের (সরকার) দলের মধ্যে অনেকের আত্মীয়-স্বজন যুদ্ধাপরাধী। তাদের গ্রেপ্তার করতে হবে। তাহলেই এই বিচার সম্পর্কে জনগণের আস্থা ও বিশ্বাস ফিরে আসবে।''
বিএনপির কারাবন্দি জ্যেষ্ঠ সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে সংসদে যোগদানের সুযোগ দিতে স্পিকারের প্রতি অনুরোধ জানান বিরোধী দলীয় নেতা।
এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, কারাগারে বন্দি থাকা অবস্থায় জাতীয় পার্টির নেতা এইচ এম এরশাদকে প্যারোলের মাধ্যমে সংসদে আসার সুযোগ দেওয়া হয়েছিলো।
একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তারের জন্য গত বছরের ১৫ ডিসেম্বর ট্রাইব্যুনালে আবেদন করে যুদ্ধাপরাধ তদন্ত সংস্থা। এর ২৪ ঘণ্টার মধ্যে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার মামলায় সংসদ সদস্য সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে ১৯ ডিসেম্বর তাকে যুদ্ধাপরাধের অভিযোগেও গ্রেপ্তার দেখানো হয়।
মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরীর ছেলে সালাউদ্দিনের বিরুদ্ধে একাত্তরে চট্টগ্রামের রাউজানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহকে হত্যার অভিযোগ রয়েছে। এছাড়া গণহত্যায় মদদ দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১৫০ ঘ.
bdnews24