২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীকে আটক রাখতে আবেদন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দেলাওয়ার হোসেন সাঈদীর 'জড়িত' থাকার কিছু প্রমাণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দিয়েছে তদন্ত সংস্থা। এর ভিত্তিতে জামায়াতে ইসলামীর এ নেতার আটকাদেশের মেয়াদ বাড়ানোর আবেদনও হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2011, 04:17 AM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দেলাওয়ার হোসেন সাঈদীর 'জড়িত' থাকার কিছু প্রমাণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দিয়েছে তদন্ত সংস্থা। এর ভিত্তিতে জামায়াতে ইসলামীর এ নেতার আটকাদেশের মেয়াদ বাড়ানোর আবেদনও হয়েছে। মঙ্গলবার সাঈদীর উপস্থিতিতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাদের কাজের বিষয়ে ছয় খণ্ডের একটি প্রাথমিক প্রতিবেদন জমা দেয়। এর ভিত্তিতে প্রসিকিউশন বিভাগ ট্রাইব্যুনালের কাছে সাঈদীর আটকাদেশ বাড়ানোর আবেদন জানায়। সাঈদীর বিষয়ে ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তাদের 'কেস ডায়েরি' মঙ্গলবার উপস্থাপনের দিন ছিলো। তদন্ত প্রতিবেদন দাখিলে দেরির জন্য গত ২০ ফেব্র"য়ারি ট্রাইব্যুনাল উষ্মা প্রকাশ করেন। প্রসিকিউটররা বলেন, সাঈদীর বিরুদ্ধে তদন্তে অগ্রগতি হচ্ছে। অনেক তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। তা খতিয়ে দেখা হচ্ছে। তবে সাঈদী মুক্তি পেলে তদন্ত ব্যাহত হতে পারে- এ শঙ্কার কথা জানিয়ে তার আটকাদেশ বাড়ানোর আবেদন করেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ। কারাগার থেকে সাঈদীকে মঙ্গলবার সকাল ১০টার পুরান হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে আনা হয়। দাখিল করা প্রতিবেদন দেখার জন্য সাড়ে ১০টার দিকে ট্রাইব্যুনালের বিচারক প্যানেল আদালত কার্যক্রম এক ঘণ্টার জন্য মুলতবি করেন। একাত্তরের যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে জামায়াতের নায়েবে আমির সাঈদী ছাড়াও দলের দুই শীর্ষ দুজন মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদসহ চার নেতা গত বছর গ্রেপ্তার হন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর একাত্তরের যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়। গত বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকেও যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১২০০ ঘ.