২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'যুদ্ধাপরাধীদের নির্মুল করা হবে'

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, এ দেশ থেকে যুদ্ধাপরাধীদের নির্মূল করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2011, 02:43 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

সিলেট, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, এ দেশ থেকে যুদ্ধাপরাধীদের নির্মূল করা হবে। ইতোমধ্যে কয়েক জন যুদ্ধাপরাধীকে আটক করা হয়েছে। দ্রুত সব যুদ্ধাপরাধীকে বিচারের আওতায় আনা হবে। যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার দাবিতে বুধবার বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত মুক্তিযোদ্ধা-জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মুক্তিযোদ্ধাদেরকে বর্তমান সরকারের দেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, "মুক্তিযোদ্ধাদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধাসহ ভাতার ব্যবস্থা করা হয়েছে। মুক্তিযোদ্ধা ট্রাস্টে তহবিল পুনর্গঠন করা হয়েছে। যা আগে তছরুপ করা হয়েছিল।" মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবি দাওয়া প্রসঙ্গে মুহিত বলেন, "আমাদের সীমাবদ্ধতা আছে। আপনাদের এমন কোন প্রতিশ্র"তি দেব না, যা আমরা রাখতে পারবো না। সরকারের পক্ষে যা কিছু করা সম্ভব, তার সব কিছু করা হবে।" বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সংসদ সদস্য ইমরান আহমেদ, শাবিপ্রবি উপাচার্য মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. সালেহ উদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন সিরাজ, সিলেট প্রেস ক্লাবের সভাপতি আহমেদ নূর প্রমুখ। সমাবেশে মুক্তিযোদ্ধারা রাজাকার, আল-বদর বাহিনীর বিভিন্ন অপকর্মের বর্ণনা দিয়ে বলেন, "আমরা হয়তো আর বেশি দিন বাঁচব না। আমাদের শেষ ইচ্ছা মৃত্যুর আগে যেন যুদ্ধাপরাধীদের বিচার দেখে যেতে পারি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৪০ ঘ.