২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ তদন্তে কর্মকর্তা বাড়ছে

একাত্তরের যুদ্ধাপরাধ তদন্তে আরো ৩০ জন যোগ হচ্ছে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2011, 09:20 AM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধ তদন্তে আরো ৩০ জন যোগ হচ্ছে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার দাবির মধ্যে রোববার প্রতিমন্ত্রী এ তথ্য জানালেন। গত বছরের ২৫ মার্চ ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন দলের সঙ্গে সাত সদস্যের তদন্ত সংস্থার নাম ঘোষণা করে সরকার। তার সঙ্গে আরো ১০ জন পুলিশ পরিদর্শক, ১০ জন উপপরিদর্শক ও ১০ জন কনস্টেবল তদন্ত সংস্থায় নিয়োগ করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। ৩০ জন সদস্যকে নিয়ে নতুন ৫টি দল গঠন করা হবে। তদন্ত সংস্থায় জনবল বাড়ানোর কথা বিভিন্ন সময়ে তদন্ত কর্মকর্তারা বলে আসছিলেন। রোববার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের জন্য গঠিত তদন্তকারী সংস্থার সদস্য ও প্রসিকিউটরদের সঙ্গে নিয়মিত বৈঠকের পর কামরুল জনবল বাড়ানোর কথা সাংবাদিকদের জানান। বিচারের অগ্রগতি জানতে চাইলে তিনি বলেন, আগামী ২৬ মার্চের মধ্যেই বিচারের অগ্রগতি সম্পর্কে সবাই বুঝতে পারবেন। ২৬ মার্চের আগেই মূল বিচার শুরু হবে কি না- প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী বলেন, "তদন্তের অগ্রগতির ওপর বিষয়টি নির্ভর করছে, তবে ২৬ মার্চের আগেই মূল বিচারকাজ শুরুর চেষ্টা করা হবে।" যুদ্ধাপরাধ বিচার শুরুতে দেরি হওয়ায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন অসন্তোষ প্রকাশ করে আসছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, "এ বিচার যেন প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য সময় নেওয়া হচ্ছে। তবে দ্রুততম সময়ে মূল বিচারকাজ শুরুর চেষ্টা করা হবে।" তবে দ্রুত বললেও নির্দিষ্ট কোনো সময়ের উল্লেখ করেননি তিনি। গোলাম আযমকে গ্রেপ্তার করা হবে কি না- জানতে চাওয়া হলে কামরুল বলেন, "সময় হলেই তা দেখতে পারবেন।" বৈঠকে তদন্ত সংস্থার সদস্য ও প্রসিকিটরদের লজিস্টিক সাপোর্টের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তদন্ত এগিয়ে যাচ্ছে আর সেই সঙ্গে বিভিন্ন লজিস্টিক সাপোর্টের প্রয়োজন হচ্ছে। আলোচনার মাধ্যমে লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য সব সময় সহযোগিতা করা হচ্ছে। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আইনমন্ত্রী শফিক আহমেদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুসহ তদন্তসংস্থার সদস্য ও প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। মানবতাবিরোধী বিচারে আটকদের জিজ্ঞাসাবাদের জন্য একটি ভবন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৫১০ ঘ.