২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীকে ১৫ মার্চ আবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে ১৫ মার্চ পুনরায় হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2011, 05:00 AM

Updated : 24 Aug 2022, 02:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধের জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে ১৫ মার্চ পুনরায় হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে 'কেস ডায়েরি' ওই দিন উপস্থাপন করতে তদন্ত সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। ওই সময় পর্যন্ত শুনানি মুলতবির আদেশ রোববার দিয়েছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে পুরনো হাইকোর্ট ভবনে সকাল পৌনে ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত আদালতের কার্যক্রম চলে। জামায়াতের নায়েবে আমির সাঈদীকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়। ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী যুদ্ধাপরাধ তদন্ত সংস্থা প্রসিকিউশনে একটি প্রতিবেদন জমা দেয়। আদালতে তা উপস্থাপন করেন প্রসিকিউশন দলের সদস্য সৈয়দ হায়দার আলী। তিনি বলেন, "আদালতে নির্দেশ মোতাবেক আমাদের তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা। আমরা ইতোমধ্যেই একটি অগ্রগতির প্রতিবেদন দাখিল করেছি।" সাঈদীর বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে জানিয়ে হায়দার বলেন, "আমাদের আরো কিছু সময় দরকার। আদালত সময় দিলে 'ফরমাল চার্জ' (আনুষ্ঠানিক অভিযোগ) গঠনের জন্য তদন্ত প্রতিবেদন শিগগিরই প্রস্তুত করতে পারবো।" তদন্তের 'স্বার্থে' তিনি সাঈদীর আটকাদেশ বাড়ানোর আবেদন করেন। অন্যদিকে সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম আদালতে বলেন, "মামলা হওয়ার পরে সৌদি আরব সরকারের আমন্ত্রণে সাঈদী সে দেশে গিয়েও ফিরে এসেছেন। তার সমর্থকরা মামলার সাক্ষীদের হুমকি দিচ্ছেন বলে জিয়ানগর থানায় ছয়টি জিডি হয়েছিলো, সেগুলোও মিথ্যা প্রমাণিত হয়েছে। তাই তদন্ত কাজ চলাকালে সাঈদীকে আটক রাখার প্রয়োজন নেই।" যুগোস্লাভিয়া ও রুয়ান্ডায় প্রি-ট্রায়াল স্টেজে আটক ব্যাক্তিদের জামিন দেওয়ার তথ্য তুলে ধরে তিনি সাঈদীর জামিনের পক্ষে যুক্তি তুলে ধরেন। তবে তাতে সাড়া মেলেনি। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গোলাম আরিফ টিপু সাংবাদিকদের বলেন, আদালত ১৫ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে। সেদিন উভয় পক্ষের করা সব আবেদনের শুনানি করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আদালত যদি তদন্তের অগ্রগতি প্রতিবেদনে নতুন কিছু দেখে না থাকে সেটা আদালতের ব্যাপার। আমরা সেখানেও আমাদের বক্তব্য উপস্থাপন করেছি। আমরা মনে করি, তদন্তে যথানিয়মেই অগ্রসর হচ্ছে।" আদালতে অভিযুক্তের আইনজীবীর জিডির কপি উপস্থাপন আইনসম্মত হয়নি বলে দাবি করেন গোলাম আরিফ। এর আগে গত ২৯ ডিসেম্বর সাঈদীকে আদালতে হাজির করা হয়েছিলো। সেদিন ট্রাইব্যুনাল সাঈদীর জামিন আবেদন নাকচ করে তার বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেয়। একাত্তরের যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে সাঈদী ছাড়াও জামায়াতের দুই শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদসহ চার নেতা গত বছর গ্রেপ্তার হন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর একাত্তরের যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়। গত বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকেও যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৩৪৫ ঘ.