২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাম আযমকে গ্রেপ্তার শিগগিরই: টিপু

গোলাম আযমের 'যুদ্ধাপরাধের' প্রমাণ পাওয়া গেছে জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু বলেছেন, জামায়াতের সাবেক আমিরকে শিগগিরই গ্রেপ্তার করা হবে। তবে কবে নাগাদ তাকে গ্রেপ্তার করা হবে, তা সুনির্দিষ্ট করেননি তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2011, 10:46 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোলাম আযমের 'যুদ্ধাপরাধের' প্রমাণ পাওয়া গেছে জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু বলেছেন, জামায়াতের সাবেক আমিরকে শিগগিরই গ্রেপ্তার করা হবে। তবে কবে নাগাদ তাকে গ্রেপ্তার করা হবে, তা সুনির্দিষ্ট করেননি তিনি। মঙ্গলবার নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে গোলাম আরিফ বলেন, "দেশবাসী জানে, গোলাম আযম এক নম্বর যুদ্ধাপরাধী।" তদন্তে যুদ্ধাপরাধে জড়িত থাকার প্রমাণ জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধেও মিলেছে বলে জানান তিনি। এর আগে যুদ্ধাপরাধ তদন্তে গঠিত কমিটি তদন্তের অগ্রগতির প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করেন। গোলাম আরিফ টিপু বলেন, "তদন্তে দেখা গেছে, গোলাম আযমের নেতৃত্বে ১৯৭১ সালে বাংলাদেশে বিভিন্ন ধরনের মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে।" "আমাদের করণীয় শেষ হয়ে গেছে। এখন ব্যবস্থা নেওয়ার সময়", বলেন তিনি। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছে বিভিন্ন সংগঠন। তিনি এখন ঢাকার মগবাজারে তার বাড়িতে রয়েছেন। তবে জামায়াতের শীর্ষ দুজন এবং সাঈদীসহ পাঁচ নেতাকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। সাঈদীর বিরুদ্ধে অভিযোগ তদন্তে নিয়োজিত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন জানান, "ট্রাইব্যুনালের নির্দেশে সাঈদীর বিরুদ্ধে তদন্তের অগ্রগতির প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।" তিনি বলেন, "তবে তদন্ত এখনো চলছে। একাত্তরের মুক্তিযুদ্ধকালীন সময়ে তার বিভিন্ন অপরাধের বিষয়ে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে।" একই সময় যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে মুক্তিযোদ্ধা সংসদ একটি স্মারকলিপি দেয়। মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান ২০ ফেব্র"য়ারির মধ্যে গোলাম আযমকে গ্রেপ্তারের দাবি জানান। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলায় জামায়াতের সাঈদীকে গত ৩০ জুন গ্রেপ্তার করা হয়। পরে যুদ্ধাপরাধের অভিযোগেও তাকে গ্রেপ্তার দেখানো হয়। আগামী ২০ ফেব্র"য়ারি সাঈদীকে ট্রাইব্যুনালে হাজির করার তারিখ ধার্য রয়েছে। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ বিচারের জন্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গত ২৫ মার্চ তদন্ত সংস্থা, আইনজীবী প্যানেল ও ট্রাইব্যুনাল গঠনের ঘোষণা দিলে বহু প্রতীক্ষিত এই বিচারের প্রক্রিয়া শুরু হয়। তবে বিচার প্রক্রিয়ার ধীরগতিতে অসন্তোষ রয়েছে বিভিন্ন সংগঠনের মধ্যে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৬৪০ ঘ.