ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া স্বচ্ছ করতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক তাগিদের সমালোচনা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন।
তিনি বলেছেন, তারা (যুক্তরাষ্ট্র) নিজের দেশে মানবতা লংঘনে বিচার চায় না। অথচ তারা চায় বাংলাদেশে এর লংঘন না হোক।
জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে 'আন্তর্জাতিক ও বাংলাদেশ প্রেক্ষাপটে মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার' শীর্ষক আলোচনায় হুমায়ুন এ মন্তব্য করেন।
গত ১১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধ বিষয়ক আম্বাসাডার-অ্যাট-লার্জ স্টিফেন র্যাপ আইনমন্ত্রীর সঙ্গে দেখা করে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের করার জন্য সরকারকে তাগিদ দেন।
তার ওই বক্তব্যের প্রতি ইঙ্গিত করে হুমায়ুন বলেন, "আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ বিচার আইনে যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে। এ আইনে হত্যা, ধর্ষণ ও লুটপাটের বিচারের সুযোগ রয়েছে। অথচ যুক্তরাষ্ট্র এতে স্বচ্ছতার কথা বলছে। তারা নিজের দেশে মানবতা লংঘনের বিচার চায় না। আবার তারাই চায় বাংলাদেশে এটা লংঘন না হোক!"
যুদ্ধাপরাধের বিচার বন্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
আওয়ামী লীগ সরকার গঠনের পর মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে উদ্যোগ নেয়। গত বছরের ২৫ মার্চ গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেল। যুদ্ধাপরাধের অভিযোগে এরই মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীর কয়েকজন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করে তাদের বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে।
আওয়ামী লীগ নেতা হুমায়ুন বলেন, "যুদ্ধাপরাধের বিচার করতে জনগণের কাছে আওয়ামী লীগ প্রতিশ্র"তিবদ্ধ। যতো ষড়যন্ত্রই হোক, যুদ্ধাপরাধের বিচারের প্রক্রিয়া চলবেই।"
তিনি আরো বলেন, "বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের ক্ষমা করেছে বলে প্রচার করা হচ্ছে, কিন্তু তিনি তা করেননি। বরং জিয়াউর রহমান তাদের ক্ষমা করে দেন। জিয়া যুদ্ধাপরাধীদের বিচারের জন্য প্রণীত দালাল আইনও বাতিল করে দেন।"
বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জেকে/২২২১ ঘ.
bdnews24