২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাক্ষীর মুক্তিযোদ্ধা সনদ নিয়ে প্রশ্ন সাঈদীর কৌঁসুলিদের

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাক্ষী মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম হাওলাদারের বক্তব্যের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে জেরা চালিয়ে যাচ্ছেন একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি দেলাওয়ার হোসাইন সাঈদীর আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2011, 11:00 AM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাক্ষী মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম হাওলাদারের বক্তব্যের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে জেরা চালিয়ে যাচ্ছেন একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি দেলাওয়ার হোসাইন সাঈদীর আইনজীবীরা। বুধবার সকাল ১০টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর পর সাঈদীর আইনজীবী কফিল উদ্দীন চৌধুরী পিরোজপুরের মুক্তিযোদ্ধা মাহবুবকে জেরা শুরু করেন। এর আগেই সাঈদীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। কফিল উদ্দীন বলেন, মাহবুব নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করলেও তা সঠিক নয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে সুন্দরবন এলাকার দায়িত্বে থাকা সাব সেক্টর কমান্ডার মেজর জিয়াউদ্দিন আহমেদ তাকে কোনো দায়িত্বও দেননি। মাহবুবুল আলম এ অভিযোগ অস্বীকার করে বলেন, আসামির আইনজীবী যে দাবি করেছেন তা সঠিক নয়। হত্যা, ধর্ষণ ও লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের ২০টি সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত জামায়াতের নায়েবে আমীর সাঈদীর বিরুদ্ধে মাহবুবই এ আদালতের প্রথম সাক্ষী। এর আগে তিনি ট্রাইব্যুনালকে জানিয়েছিলেন, একাত্তরে মুক্তিবাহিনীর হয়ে পিরোজপুর এলাকায় পাকিস্তানি হানাদার ও তাদের এ দেশীয় দোসরদের তথ্য সংগ্রহের দায়িত্ব পালন করেন তিনি। মঙ্গলবার সাঈদীর আরেক আইনজীবী জেরায় মুক্তিযোদ্ধা মাহবুবের শিক্ষাগত যোগ্যতা এবং তার বিয়ে বিচ্ছেদের ঘটনা নিয়ে কথা বলে সাক্ষী হিসেবে তার বক্তব্যের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন। তবে ট্রাইব্যুনালের বিচারকরা ব্যক্তিগত এসব বিষয় আদালতে টেনে না আনতে আসামি পক্ষের আইনজীবীদের নিষেধ করেন। কফিল উদ্দীন বুধবার সাক্ষীকে বলেন, “স্থানীয় জনগণ বলেছে, আপনি আসলে মুক্তিযোদ্ধা নন। এ বিষয়ে তারা এলাকার এমপিকে অভিযোগও করেছেন। এ কারণে আপনার মুক্তিযোদ্ধা সনদ কেড়ে নেওয়া হয়েছে।” তার এ বক্তব্যও সঠিক নয় বলে ট্রাইব্যুনালের কাছে দাবি করেন মাহবুবুল আলম হাওলাদার। কফিল উদ্দীন জেরা শেষ করার পর বিকেলে মাহবুবকে জেরা শুরু করেন সাঈদীর আরেক আইনজীবী মঞ্জুর আহসান আনসারী। এর পরপরই ট্রাইব্যুনালের কার্যক্রম বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়। ট্রাইব্যুনালের বিচারক সাঈদীর আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা তিন দিন ধরে একজন সাক্ষীকেই জেরা করছেন, বৃহস্পতিবারও তা চলবে। এখনও আপনারা বলছেন, আমরা আমাদের পয়েন্টে আসছি। এতে সাক্ষীর ওপরও চাপ পড়ে, এটাও মাথায় রাখা প্রয়োজন।” এ পর্যায়ে কফিল উদ্দীন বলেন, “আমরা একটি প্রশ্নও খামোখা করছি না। সব প্রশ্নেরই পয়েন্ট আছে। ট্রাইব্যুনাল তা দেখতে পাবে।” বৃহস্পতিবার সকালে মাহবুবকে আবারো জেরা শুরু করবেন মঞ্জুর আহসান আনসারী। যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াত ও বিএনপি নেতাদের মধ্যে সবার আগে সাঈদীর বিচার শুরু হয়েছে। মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে হত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন সাবেক সংসদ সদস্য সাঈদীকে গ্রেপ্তার করা হয়। চলতি বছর ১৪ই জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। গত ৪ সেপ্টেম্বর সাঈদীর বিরুদ্ধে ৩১টি অভিযোগ জমা দেওয়া হয় ট্রাইব্যুনালে। এর মধ্যে থেকে ২০টি সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে তার বিরুদ্ধে ৩ অক্টোবর অভিযোগ গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১৬৫১ ঘ.