২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ: মামলা স্থগিতের শুনানিতে সাকা চৌধুরী

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলা স্থগিতের আবেদনের শুনানির জন্য সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2011, 06:34 AM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলা স্থগিতের আবেদনের শুনানির জন্য সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আসামি পক্ষের আবেদনে ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক গত ২৪ নভেম্বর শুনানির জন্য মঙ্গলবার দিন রাখেন। সাকা চৌধুরীকে ১০ জন আইনজীবীর নামও জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় ওইদিন। মঙ্গলবার সকাল ১১টার দিকে কাশিমপুর কারাগার থেকে আদালতে আনার পর শুরু হয় ট্রাইব্যুনালের কার্যক্রম। সালাউদ্দিনের মামলা স্থগিতের আবেদনে বলা হয়, সংবিধান লঙ্ঘন করে এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এখানে কারো বিরুদ্ধে মামলা চলতে পারে না। তাছাড়া ট্রাইব্যুনাল নিজেও আইন মানছে না। প্রসিকিউশনের পক্ষে মামলার কার্যক্রম শুরু করার কথা বলা হলে গত বৃহস্পতিবার সাকা চৌধুরী এর প্রতিবাদ জানিয়ে বলেন, তার আইনজীবীদের ট্রাইব্যুনালে ঢুকতে দেওয়া হয়নি। যদিও এতোদিন নিজেই নিজের মামলা পরিচালনা করে আসছিলেন তিনি। পরে ট্রাইব্যুনাল শুনানির নতুন দিন রেখে সাকা চৌধুরীকে আইনজীবীদের নামের তালিকা দিতে বলে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন গত ৪ অক্টোবর সাকা চৌধুরীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেয়। ৫৫ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগের সঙ্গে এক হাজার ২৭৫ পৃষ্ঠার আনুষঙ্গিক নথিপত্র এবং ১৮টি সিডি ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়। এরপর ১৪ নভেম্বর তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ উত্থাপনের আবেদন করা হয়। ২০১০ সালের ২৬ জুলাই সালাউদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। তাকে গ্রেপ্তারের জন্য গত ১৫ ডিসেম্বর ট্রাইব্যুনালে আবেদন করে তদন্ত সংস্থা। এর ২৪ ঘণ্টার মধ্যে গাড়ি পুড়িয়ে যাত্রী হত্যার মামলায় এ সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়। ১৯ ডিসেম্বর যুদ্ধাপরাধের অভিযোগেও তাকে গ্রেপ্তার দেখানো হয়। সাঈদী ও সাকা চৌধুরী ছাড়াও জামায়াতের চার শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদ, মো. কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা যুদ্ধাপরাধের অভিযোগে আটক রয়েছেন। এছাড়া জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীমকে যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার করা হলেও তিনি শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১২১০ ঘ.