২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইবুনালের অবকাঠামোগত সমস্যা রয়েছে: মুহিত

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, একাত্তরের মানবতাবিরোধী বিচারের উদ্দেশ্যে গঠিত ট্রাইবুনালের কিছু অবকাঠামোগত সমস্যা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2011, 06:33 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, একাত্তরের মানবতাবিরোধী বিচারের উদ্দেশ্যে গঠিত ট্রাইবুনালের কিছু অবকাঠামোগত সমস্যা রয়েছে। বুধবার তিনি বলেন, "৪০ বছর পর যুদ্ধাপরাধের বিচার শুরু করতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়েছে। এর মধ্যে রয়েছে সাক্ষী সাবুদ, প্রমাণাদি জোগাড় করা। ট্রাইব্যুনালের অবকাঠামোগত সমস্যা নেই এ কথা বলারও উপায় নেই।" ডব্লিউভিএ মিলনায়তনে ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত 'জামায়াতের সহিংসতা এবং যুদ্ধাপরাধীদের বিলম্বিত বিচার' শিরোনামে এক আলোচনা সভায় কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবিরের অভিযোগের প্রেক্ষিতে এ কথা বলেন মন্ত্রী। শাহরিয়ার কবির ট্রাইবুনালের অবকাঠামোগত সমস্যা তুলে ধরেন। এগুলো হলো- ট্রাইবুনালে প্রয়োজনীয় লোকবলের অভাব, কোনো গবেষণা সেল বা তথ্য সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকা এবং ট্রাইবুনালের আইনজীবী ও সাক্ষীদের যথাযথ সামাজিক, অর্থনৈতিক এবং জীবনের নিরাপত্তার অভাব। ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার বলেন, "যুদ্ধাপরাধের বিচারের ক্ষেত্রে সরকারের আন্তরিকতার অভাব না থাকলেও এই মামলা পরিচালনার ক্ষেত্রে সরকারের নীতি নির্ধারকদের জ্ঞানের অভাব রয়েছে।" ‍"এছাড়া এই ট্রাইবুনালের জন্য যথেষ্ট অর্থ বরাদ্দ করা হয়নি।" জামায়াতের সাথে মিত্রতা বজায় রাখতে বিএনপি যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। অর্থ বরাদ্দ প্রসঙ্গে আবদুল মুহিত বলেন, "অর্থ কোনো সমস্যা নয়। এই মুহুর্তে মামলা পরিচালনা করার মতো আর্থিক সামর্থ সরকারের রয়েছে।" তবে এর মধ্যেও দুটি মামলার কাজ শুরু হয়েছে এবং অচিরেই বাকি মামলাগুলোর কাজও শুরু হবে বলে জানান তিনি। একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনে চলতি মাসে সিদ্ধান্ত নিয়েছে ট্রাইবুনাল। গত বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল, আইনজীবী প্যানেল এবং তদন্ত সংস্থা গঠন করে সরকার। অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামী ও বিএনপির পাঁচ নেতা বর্তমানে আটক রয়েছেন। মানবতাবিরোধী অপরাধের বিচারে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে অর্থমন্ত্রী বলেন, "জনসচেতনতা বৃদ্ধি ছাড়া জাতি যুদ্ধাপরাধের বিচারের প্রকৃতি সুফল থেকে বঞ্চিত হবে। আর জনসচেতনতা বৃদ্ধির কাজটির বেলায় শুধু সরকারের ওপর নির্ভর করলেই হবে না। লেখক, শিল্পী, সাংবাদিক, বুদ্ধিজীবীসহ সবাইকে এগিয়ে আসতে হবে।" জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি আলোচনা সভায় উপস্থিত বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা মনির হোসেন রব্বানী জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান। তিনি বলেন, "জামায়াত কোনো ইসলামপন্থী দল নয়, তারা একটি ফেৎনা সৃষ্টিকারী দল। এই ফেৎনা পাকিস্তান থেকে মাওলানা মওদুদি আমদানি করেছেন। জামায়াতে ইসলামের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই।" এ প্রসঙ্গে আলোচনা সভায় সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, "জামায়াতে ইসলামী দাবি করে তারা একটি রাজনৈতিক দল। কিন্তু এটা মোটেও সঠিক নয়। তারা একটি সশস্ত্র ক্যাডারবাহিনী ছাড়া কিছু নয়।" "সম্প্রতি সুপ্রিম কোর্ট সংবিধানের ৫ম সংশোধনী বাতিল করে ৩৮ অনুচ্ছেদ বহাল করায় জামায়াত বাংলাদেশে নিষিদ্ধ একটি দল।" ওই অনুচ্ছেদ অনুযায়ী কোনো গোষ্ঠী বা দলের ধর্মভিত্তিক রাজনীতি করার বৈধতা নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/পিডি/০০৩০ ঘ.