২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা চৌধুরীর অপরাধের প্রতিবেদন ট্রাইব্যুনালে

একাত্তরে খুন, অপহরণ, ধর্ষণ, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ১১৯ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2011, 05:42 PM

Updated : 24 Aug 2022, 04:27 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে খুন, অপহরণ, ধর্ষণ, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ১১৯ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মামলার তদন্তকারী কর্মকর্তা নুরুল ইসলাম সোমবার ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর কাছে এই প্রতিবেদন দেন। সালাউদ্দিন কাদেরের মামলার প্রসিকিউটর জেয়াদ আল মালুমও এ সময় উপস্থিত ছিলেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা প্রতিবেদন হাতে পেয়েছি। আগামীকাল বিষয়টি আদালতকে জানানো হবে। তবে আইন অনুযায়ী এ প্রতিবেদন পরীক্ষা নিরীক্ষা করতে আমাদের সময়ের প্রয়োজন। আমরা আদালতে সময় চাইবো।" 'সাকা চৌধুরী' নামে পরিচিতি এই বিএনপি নেতার বিরুদ্ধে ১১৯ পৃষ্ঠার এই মূল প্রতিবেদনের সঙ্গে আট হাজারেরও বেশি পৃষ্ঠার তথ্য উপাত্তের কপি প্রসিকিউশনে জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তারা। মঙ্গলবার এ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে গত ১ অগাস্ট আদালত এক আদেশে ৪ অক্টোবরের মধ্যে সাকার বিষয়ে প্রতিবেদন দিতে বলেছিল তদন্ত সংস্থাকে। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামিদের মধ্যে একমাত্র সাকাই এখনো কোনো আইনজীবী নিয়োগ দেননি। ট্রাইব্যুনালে তিনি নিজেই নিজের পক্ষে কথা বলে আসছিলেন। গত রোববার এক সংবাদ সম্মেলনে নুরুল ইসলাম জানান, তদন্তে ৩২টি সুনির্দিষ্ট ঘটনায় সাকার জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে। "তার অপরাধের মধ্যে রয়েছে, বেসামরিক নাগরিকদের খুন, অপহরণ, আটকে রাখা, ধর্ষণ, নির্যাতন নিপীড়ন প্রভৃতি।" ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা নুরুল ইসলাম রোববার সাংবাদিকদের বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিধিমালার ৩(২)এ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধ এবং ৩(২)বি অনুযায়ী গণহত্যায় সরাসরি অংশ নিয়েছেন বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এছাড়া ৩(২)সি অনুযায়ী এসব কাজ ঘটানোর ক্ষেত্রে পরোক্ষভাবে এবং ষড়যন্ত্রে অংশ নিয়েছেন। "সাকার হাতে নিহত ব্যক্তিদের একটি তালিকাও চূড়ান্ত করা হয়েছে,", যোগ করেন তিনি। জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা এম সানাউল হক বলেন, এই প্রতিবেদন দেওয়ার পর নতুন কোনো তথ্য-প্রমাণ পাওয়া গেলে ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে সেগুলোর যুক্ত করা যাবে। তবে নতুন কোনো অভিযোগ আনা যাবে না। মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরীর ছেলে সালাউদ্দিনের বিরুদ্ধে একাত্তরে চট্টগ্রামের রাউজানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহকে হত্যার অভিযোগ রয়েছে। এছাড়া গণহত্যায় মদদ দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ২০১০ সালের ২৬ জুলাই বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। তাকে গ্রেপ্তারের জন্য গত ১৫ ডিসেম্বর ট্রাইব্যুনালে আবেদন করে তদন্ত সংস্থা। এর ২৪ ঘণ্টার মধ্যে গাড়ি পুড়িয়ে যাত্রী হত্যার মামলায় এ সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়। ১৯ ডিসেম্বর যুদ্ধাপরাধের অভিযোগেও গ্রেপ্তার দেখানো হয় তাকে। সাকার আগে দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে একই ধরনের অভিযোগে চার হাজার ৭৪ পৃষ্ঠার প্রতিবেদন দিয়েছিলো তদন্ত সংস্থা। এর মধ্যে ২০টিকে বিবেচনায় নিয়ে সোমবার সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সাঈদী ছাড়াও জামায়াতের চার শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদ, কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা একই অভিযোগের মামলায় আটক রয়েছেন। এছাড়া জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীমকে যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার করা হলেও বর্তমানে তিনি শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/২৩৩৪ ঘ.